পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় বৈদ্যুতিক শকে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাত কিংবা বৃহস্পতিবার ভোর রাতের কোনো এক সময়ে সংঘবদ্ধ চোরের দল বরেন্দ্র সেচ পাম্পের বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমার চুরি করতে আসে। এ সময় বৈদ্যুতিক শকে আহত হন তারা। এরপর ট্রান্সফরমাটি পেলে রেখে বাকিরা পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে সেচ পাম্পের পাশের জমিতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দীন খন্দকার বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমার চুরি করতে এসে ওই ব্যক্তি ইলেকট্রিক শকে মারা গেছে। এ সময় তাকে ফেলে বাকি চোরেরা পালিয়েছে। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


