ডায়রিয়াতে কাবু বরিশাল

ডায়রিয়াতে কাবু বরিশাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বরিশালে ডায়রিয়া পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। গত এক সপ্তাহে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড সংখ্যক ডায়রিয়া রোগী। গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে ২জন সহ চলতি বছর বরিশাল বিভাগে ডায়রিয়ায় মৃত্যু হয়েছে ৮ জনের।

সামাজিক অনুষ্ঠান বৃদ্ধি, করোনার প্রকোপ এবং উপকূলীয় এলাকায় লবনাক্ত পানির উপস্থিতির কারনে ডায়রিয়া আক্রান্তের হার বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ডায়রিয়া আক্রান্তের সু-নির্দিস্ট কারণ অনুসন্ধানে বরিশালের রোগীদের নমূনা সংগ্রহ করছে আইইডিসিআর। মার্চ ও এপ্রিল মাসে সাধারনত ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দেয়। কিন্তু এবারের এপ্রিলে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আগের সকল রেকর্ড অতিক্রম করেছে। গত মার্চে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭৫১ জন ডায়রিয়া রোগী। সেখানে চলতি মাসে এ পর্যন্ত জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৯২ জন রোগী।

বুধবার (২১ এপ্রিল) বরিশাল জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীতে ওয়ার্ড ছিলো পরিপূর্ন। ওয়ার্ডের মেঝে, বারান্দা ছাড়িয়ে রোগীর স্থান হয়েছে হাসপাতাল ভবনের বাইরে। ওয়ার্ডে জায়গা না হওয়ায় মূল ভবনের বাইরে খোলা জায়গায় সামিয়ানা টাঙিয়ে বেডে চিকিৎসা দেয়া হচ্ছে রোগীদের। বেডের তুলনায় রোগী বেশী হওয়ায় মাটিতে কাপড় বিছিয়ে তার উপর শোয়ানো হয়েছে রোগীদের। সরকারিভাবে বেশীরভাগ ওষুধ ও স্যালাইন সরবরাহ করার কথা থাকলেও রোগীদের তা বাইরে থেকে কিনতে হচ্ছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত মাসে ডায়রিয়া আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৬শ’ ৭২জন রোগী। এর মধ্যে গত সপ্তাহে ভর্তি হয়েছেন ৮ হাজার ২০জন এবং সব শেষ গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১ হাজার ৫শ’ ১২জন রোগী। গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পটুয়াখালীতে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বরিশাল জেলায় ৪জন, বরগুনায় ২জন এবং পটুয়াখালীতে ২জনের মৃত্যু হয়েছে ডায়রিয়ায়। গত পহেলা জানুয়ারী থেকে গতকাল বুধবার পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ১৮৩জন রোগী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *