ডিজির পদত্যাগ দাবি; ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

ডিজির পদত্যাগ দাবি; ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

পাথেয় রিপোর্ট : ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তারা।

মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের নিচতলায় অবস্থান নিয়েছেন তারা।

কর্মসূচিতে যোগ দেওয়া কর্মকর্তারা বলেছেন, মহাপরিচালকের দুর্নীতি-অনিয়ম সীমা ছাড়িয়ে গেছে। এ কারণে তার পদত্যাগ দাবি করছেন কর্মকর্তারা।

চাকরি বিধি মোতাবেক তারা এমন আন্দোলন করতে পারেন কিনা? এমন প্রশ্নের জবাবে কর্মকর্তারা বলেন, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা।

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ইসলামিক ফাউন্ডেশন একটি স্পর্শকাতর সংস্থা। আশা করি ডিজির শুভবুদ্ধির উদয় হবে। তিনি স্বেচ্ছ্বায় পদত্যাগ করবেন। তবে তাকে পদত্যাগের জন্য মন্ত্রণালয় কোনো চাপ দেবে না।

এর আগে সোমবার বিকেলে ফাউন্ডেশনের ২০ জন পরিচালক বৈঠকে করেন। চলমান অস্থিরতা নিরসনে তারা মহাপরিচালকের পদত্যাগ দাবি করেন।

গত কয়েক মাস ধরেই অস্থিরতা চলছে ইসলামিক ফাউন্ডেশনে। মহাপরিচালক সামীম আফজালের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। গত অক্টোবরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পিলার ভেঙে দোকানের আয়তন বাড়িয়ে নেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সোহরাব গাজী।

এ ঘটনার তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছিলেন ইফার পরিচালক (মসজিদ ও মার্কেট) মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার। পিলার ভেঙে ফেলা আওয়ামী লীগ নেতার পক্ষে অবস্থান নেন সামীম আফজাল। গত ৩০ মে সাময়িক বরখাস্ত করা হয় মহীউদ্দিন মজুমদারকে। পরে ধর্ম মন্ত্রণালয় ওই আদেশ বাতিল করে। এ নিয়ে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বিরোধ চলছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সঙ্গে টানাপড়েন চলছে মহাপরিচালকের।

গত শনিবার নিজ দপ্তর থেকে ফাইল ‘সরাতে’ গিয়ে ইসলামিক ফাউন্ডেশনে কর্মকর্তাদের তোপের মুখে পড়েন সামীম আফজাল। সেদিন তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। গত রোববার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তবে মঙ্গলবার পর্যন্ত তিনি পদত্যাগ করেননি।

এদিকে সামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে প্রতিবেদন দিতে ধর্ম মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুদক। মন্ত্রণালয় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মহাপরিচালককে। প্রতিমন্ত্রী বলেছেন, তারা সব কিছুই খতিয়ে দেখছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *