পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ১০৩ জন ভর্তি হয়েছেন। এসময় নতুন করে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৫ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৪৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬০ জন।
শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৮৯ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ১৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (৫ নভেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৮০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ হাজার ৫৮০ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।


