পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে মারা গেলেন ২৭২ জন। যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
একই সময়ে আরও ১০৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৬২৯ জনে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৩১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ২৪৯ জন রোগী।
আরও বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬১ হাজার ৬২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৮২১ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৮০৮ জন চিকিৎসা নেন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৬০ হাজার ৭৭৭ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৩২২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২২ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


