ঢাকায় ২৪ ঘণ্টাব্যাপী ইসলাহি ইজতেমার প্রথম দিন: আধ্যাত্মিকতার ছোঁয়ায় মুখরিত চৌধুরীপাড়া

ঢাকায় ২৪ ঘণ্টাব্যাপী ইসলাহি ইজতেমার প্রথম দিন: আধ্যাত্মিকতার ছোঁয়ায় মুখরিত চৌধুরীপাড়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার চৌধুরীপাড়া ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে ফিদায়ে মিল্লাত আসআদ মাদানীর সুযোগ্য খলীফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহবানে ২৪ ঘণ্টাব্যাপী ইসলাহি ইজতেমার প্রথম দিনের কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে।

আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির লক্ষ্য নিয়ে ঢাকার চৌধুরীপাড়া ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে ফিদায়ে মিল্লাত আসআদ মাদানীর সুযোগ্য খলীফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহবানে শুরু হয়েছে ২৪ ঘণ্টাব্যাপী ইসলাহি ইজতেমা। ইজতেমার প্রথম দিন জুড়ে আল্লাহর জিকির, তাসবীহ-তাহলীল এবং দেশ বরেণ্য আলেমগণের হৃদয়গ্রাহী বয়ানে মসজিদ প্রাঙ্গণ আধ্যাত্মিক পরিবেশে মুখরিত হয়ে উঠেছে।

ইজতেমার উদ্বোধনী বক্তব্যে জামিআ ইকরা বাংলাদেশের মুহতামিম ও কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতীব আল্লামা আরীফ উদ্দীন মারুফ আত্মশুদ্ধি, ইবাদতের গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে ইসলামি শিক্ষার সঠিক প্রয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। দেশ বরেণ্য আলেমগণ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেছেন, যা মুসল্লিদের মন ও আত্মায় গভীর প্রভাব ফেলে।

মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া এবং ছয় তাসবীহের আমল অনুষ্ঠিত হয়। মুসল্লিরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এ আমলে অংশ নিয়েছেন। এশার নামাজের পর সূরা মূলকের আমল সম্পন্ন হয় এবং এর সঙ্গে চলে আত্মশুদ্ধিমূলক বিশেষ বয়ান। উপস্থিত মুসল্লিরা গভীর মনোযোগ সহকারে বয়ান শুনেছেন এবং আমল করেছেন।

সরেজমিনে দেখা গেছে, মসজিদ প্রাঙ্গণে দূর-দূরান্ত থেকে আসা বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছেন। জামিআ ইকরার অসংখ্য ফুজালায়ে কেরাম এবং বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বদের উপস্থিতি ইজতেমার মর্যাদাকে আরও বাড়িয়েছে। আলেমদের বয়ান ও আমলগুলো উপস্থিত মুসল্লিদের আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করেছে।

শনিবার বাদ আসর আখেরি মোনাজাতের মাধ্যমে ইসলাহি ইজতেমার সমাপ্তি ঘোষণা করা হবে। এই আখেরি মোনাজাতে আল্লাহর রহমত, মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হবে।

Related Articles