পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বৈশাখের তাপপ্রবাহে পুড়ছে দেশ। বিপর্যস্ত হয়ে উঠছে মানুষের জনজীবন। থার্মোমিটারের পারদ চড়ছে প্রতিদিনই। এমন পরিস্থিতিতে ডায়রিয়া, হিট স্ট্রোকসহ নানা ধরনের অসুস্থতা বাড়ছে। অনেক জায়গায় হিট স্ট্রোকের ফলে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। শিগগিরই এ অবস্থা থেকে মুক্তি নাও মিলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। চলমান তাপপ্রবাহের মধ্যে সুস্থ থাকতে স্বাস্থ্য অধিদপ্তর ৮টি নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দেশে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান। এ অবস্থায় সুস্থ থাকতে সতর্কতার বিকল্প নেই। সবচেয়ে বেশি হিট স্ট্রোকের ঝুঁকিতে আছে নবজাতক, শিশু, গর্ভবতী নারী, গরমে সেবা দেওয়া ও শ্রমজীবী মানুষ, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, চিকিৎসাধীন ব্যক্তি ও অতিরিক্ত ওজনের মানুষ।
নির্দেশনায় যা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর
১. সারা দিনে পূর্ণবয়স্ক ব্যক্তি কমপক্ষে আড়াই থেকে ৩ লিটার নিরাপদ পানি পান করুন। রাস্তাঘাটে তৈরি খাবার ও পানীয় পরিহার করুন।
২. মাঝে মাঝে ছায়া অথবা ঠান্ডা স্থানে বিশ্রাম নিন।
৩. প্রয়োজনে একবারের বেশি গোসল করুন।
৪. গরমের সময়ে সাদা অথবা হালকা রঙের ঢিলেঢালা পাতলা সুতি কাপড় পরুন।
৫. বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, যেমন- ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ অথবা অন্যান্য রোগ থাকলে গরমের সময়ে করণীয় সম্পর্কে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
৬. মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
৭. গরমে সুস্থ থাকার জন্য নির্দেশিত ব্যবস্থা গ্রহণ করুন এবং অন্যকেও উৎসাহিত করুন।
৮. স্বাস্থ্য পরামর্শের জন্য প্রয়োজনে ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ নম্বরে যোগাযোগ করুন।


