দেওবন্দের পর্যবেক্ষক মাওলানা খুরশিদ আনোয়ারের ভারতের রাজ্য রাবেতা বোর্ড সদস্যদের সাথে বৈঠক অনুষ্ঠিত
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দারুল উলূম দেওবন্দের দাখেলা পরীক্ষার নাযিম জনাব মাওলানা খুরশিদ আনোয়ার সাহেব পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়ার সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব ও পরীক্ষা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাবেতায়ে মাদারিসের রাজ্য সম্পাদক মুফতি আব্দুস সালাম, মাওলানা মতিউর রহমান, মুফতি আসাদুল্লাহ প্রমুখ। শুক্রবার কলকাতা জমিয়তে উলামা ভবনে রাজ্য রাবেতার বার্ষিক পরীক্ষার বিষয়ে দেড় ঘন্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ২০ বছর ধরে দারুল উলূম দেওবন্দের দাখেলা (প্রবেশিকা) পরীক্ষার দায়িত্ব পালন করে আসছেন জনাব মাওলানা খুরশিদ আনোয়ার সাহেব। রাজ্য রাবেতার সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের সাথে এই বৈঠকে চলতি বছরের পরীক্ষার বিষয়ে খুঁটিনাটি আলোচনা করেন; প্রশ্নপত্র দেখেন এবং প্রশ্নপত্র সহজবোধ্য করারও পরামর্শ দেন। ছাত্ররা প্রশ্নপত্র বুঝে সঠিকভাবে উত্তরপত্রে লিখতে পারে সে বিষয়ে পরীক্ষা সেন্টারে দায়িত্বপ্রাপ্তদের সচেতন থাকার আহবান জানান। উত্তরপত্র মূল্যায়ন করার ব্যাপারে তিনি পরীক্ষকরা যাতে কোন অবস্থাতেই পক্ষপাত না করে তা নিশ্চিত করতে বললেন। এছাড়াও সহজ পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করতে আহবান করে তিনি বলেন, ‘কম নম্বর দিলে ছাত্রদের উৎসাহ হ্রাস পেতে পারে, তাই নাম্বার দেয়ার ক্ষেত্রে কৃপণতা করা যাবেনা’।
তিনি পশ্চিমবঙ্গ রাবেতা যে সর্বভারতীয় রাবেতা বোর্ডে শীর্ষস্থান দখল করার ব্যাপারে তিনি প্রশংসা করেন।
রাজ্য রাবেতা দারুল উলূম দেওবন্দে ছাত্রভর্তির জন্য ভর্তি প্রস্তুতি মূলক এক মাসের প্রশিক্ষণ ক্যাম্প চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাকে অধ্যাপক মাওলানা খুরশিদ আনোয়ার সাহেব স্বাগত জানান। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সহযোগিতায় পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া মহীরূহে পরিণত হয়েছে তাঁর ভূয়সী প্রশংসা করেন তিনি। এরপর তিনি জমিয়তে উলামা ভবনের তিনতলা পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা ও পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব আসন্ন পরীক্ষার পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছেন। এর পাশাপাশি পরীক্ষাপর্ব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেবিষয়ে পরীক্ষকমন্ডলী ও মাদ্রাসা কর্তৃপক্ষকে ব্যাবস্থা নিতে এবং এই পরীক্ষার ফলাফল দেওবন্দে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।


