পাথেয় ডেস্ক : নতুন গবেষণায় দেখা গেছে বেশি বা কম দিন বেঁচে থাকার সঙ্গে ধর্ম পালন ও বিশ্বাসের সংযোগ রয়েছে। নাস্তিকদের থেকে আস্তিকরা চার বছর বেশি বেঁচে থাকেন।
এমনটাই জানালেন ওহিও স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা ২০১১ সাল থেকে এক হাজার মানুষের ওপর গবেষণা করে এ তথ্য জানান।
গবেষণা প্রধান লরা ওয়ালেস বলেন, ধর্ম পালনের মধ্যে এমন অনেক সুবিধা আছে যা বিশ্লেষণ করা যায় না।
বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাল্ডিন ওয়ে বলেন, এই গবেষণার তথ্য হয়তো নাস্তিকদের কাছে বাজে কথা মনে হতে পারে। তবে ধর্ম পালনের সঙ্গে যে বেশি আয়ুর সম্পর্ক রয়েছে তা তারা উড়িয়ে দিতে পারে না। কেননা এখানে বোধগম্য প্রমাণ দেয়া হয়েছে যে, ধর্মপ্রাণ মানুষেরা দীর্ঘজীবী হয়ে থাকে।
তবে এর আগেও এ নিয়ে গবেষণা চালানো হয়। ২০১২ সালে ৫০৫ জনের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, একজন নাস্তিকের থেকে একজন ধর্মপালনকারী প্রায় ১০ বছর বেশি বাঁচেন।
২০১০ সালের থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত আমেরিকার ৪২টি শহরের এক হাজার ৯৫ জনের ওপর চালানো অপর এক গবেষণায় দেখা যায় যে, নাস্তিকের থেকে একজন আস্তিক প্রায় ছয় বছর বেশি বেঁচে থাকেন।
এমনকি অনেক গবেষণায় দেখা গেছে শুধু ধর্মপালন নয় যারা সমাজ সেবামূলক কাজও করেন তারাও দীর্ঘজীবী হয়ে থাকেন।
কেন ধর্মপালনকারীরা বেশিদিন বাঁচেন এ বিষয়ে ড. বাল্ডিন ওয়ে বলেন, ধর্মের অনেকগুলো নীতি ও আচরণ এই জন্য কাজ করে। ধর্মের বেশিরভাগ আচরণ স্বাস্থ্যসম্মত, যেমন অ্যালকোহল থেকে দূরে থাকা, যৌন আচরণে সংযত থাকা। এছাড়া ধর্মীয় আচার আচরণ পালন করলে স্নায়ুচাপ সহজে নেয়া যায় যা স্বাস্থ্যের জন্য ভাল। যেমন ইবাদত হতাশামুক্ত রাখতে সহযোগিতা করে।


