পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ফেব্রুয়ারিতে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেবে নির্বাচনী তফসিল। এই নির্বাচনকে কেন্দ্র করে ইসি আগামী সপ্তাহেই তাদের নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, রোডম্যাপে নির্বাচন নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা থাকবে। এর পাশাপাশি, সাংবাদিকদের সাথে একটি বৈঠক করবে ইসি, যাতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়া যায়।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে তিনি এ কথা জানান। উল্লেখ্য, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৭-০৮ সাল থেকে কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের দেড় বছর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন ইসি। বর্তমান ইসিও এ ধরাবাহিকতা বজায় রাখছে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে রোডম্যাপ নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি, আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ দিতে পারবো। তখন আমাদের প্রস্তুতি সম্পর্কে ধারণা পাবেন।
উল্লেখ্য, ভোটার তালিকা, সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনী আইনের সংস্কার, সরঞ্জাম কেনাকাটা, দল ও অংশীজনের সাথে সংলাপ, প্রশিক্ষণ, মুদ্রণ, আইনশৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে-পরে প্রস্তুতির ফর্দ থাকবে এ রোডম্যাপে। কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে ১৮ অগাস্ট এ নিয়ে বৈঠক করার কথা রয়েছে। ইসির অনুমোদনের পর তা পুস্তিকা আকারে প্রকাশ করা হতে পারে।
রোডম্যাপে কী থাকবে, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, রোডম্যাপে কী কী থাকবে, ওটা রোডম্যাপই বলে দেবে। অংশীজনদের সাথে সংলাপ, আইনবিধি সংশোধনের সম্পর্কিত যাবতীয় তথ্য দেয়া হবে। তবে এখন সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।
নির্বাচনে পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি বলেন, ৩১৮টা আবেদন পেয়েছি। এটা পর্যালোচনা চলছে। আর ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে, প্রাথমিকভাবে তাদের জন্য কাউকে ফিল্ডে পাঠাব, আমাদের প্রয়োজনীয় তথ্যের জন্য।
প্রবাসীদের ভোট দেয়া প্রসঙ্গে ইসি সিচব জানান, আউট অব কান্ট্রি ভোটিং (প্রবাসীদের ভোট) নিয়ে আজকে কিছু আলোচনা হয়েছে- পদ্ধতিটা কী, প্রসেসটা কী হবে, কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে। এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। এটা নিয়ে আরেকটু আলোচনা বাকি আছে। আলোচনার পর আমরা ব্রিফ করব।


