নির্বাচনে জিততে বিজেপি—এর সহায় হবেন না ভগবান : ফারুক আবদুল্লাহ

নির্বাচনে জিততে বিজেপি—এর সহায় হবেন না ভগবান : ফারুক আবদুল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নির্বাচনে জিততে বিজেপি— এর সহায় হবেন না ভগবান মন্তব্য করে জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ইস্যুতে বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপি ভাবছে যে ২০১৯ সালের সাধারণ নির্বাচনে ওঁদেরকে ভগবান রাম জিতিয়ে দেবেন। কিন্তু নির্বাচনে জিততে ভগবান ওঁদের সহায় হবেন না। কারণ মানুষই ভোট দেন, ভগবান রামও ভোট দেবেন না, আল্লাহ্‌ও ভোট দিতে আসবেন না!

জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ ভারতের রাজধানী নয়াদিল্লীতে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বলে জানা যায়।

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে গত (সোমবার) কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা গিরিরাজ সিং বলেছেন, হিন্দুরা যদি তাদের ধৈর্য হারিয়ে ফেলে তাহলে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী কার্যত হুমকির সুরে বলেন, হিন্দুরা ধৈর্য হারাচ্ছে। তারা যদি ধৈর্য হারায় তাহলে যেকোনো কিছুই ঘটে যেতে পারে! মন্দির নির্মাণের জন্য হয় সরকার নতুন আইন তৈরি করুক, অন্যথায় আদালত রায় দিক। সম্প্রতি আরএসএসের পক্ষ থেকেও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে রাম মন্দির নির্মাণ নিয়ে আইন তৈরির দাবি জানানো হয়েছে।

বাবরী মসজিদ-রাম জন্মভূমি বিতর্ক মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আসন্ন পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মুখে রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে আরএসএস ও বিজেপি নেতাদের একাংশের বিভিন্ন মন্তব্যে জাতীয় রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।

এদিকে বিশ্বের কোনো শক্তি রাম মন্দির নির্মাণে বাধা দিতে পারবে না দাবী করে ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ উন্নয়ন মন্ত্রী ও বিজেপি’র সিনিয়র নেত্রী উমা ভারতী বলেছেন, রাম মন্দির ওখানেই হবে যেখানে মন্দিরের জমি রয়েছে‌। বিশ্বের কোনও শক্তি রাম মন্দির নির্মাণে বাধা দিতে পারবে না।

উমা ভারতী রাম জন্মভূমি নিয়ে তাঁর পুরোনো দিনের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, রাম মন্দির আন্দোলনে আমি অংশ নিয়েছিলাম। আমি আমার কাজ করেছি এবার সেখানে গ্র্যান্ড মন্দির নির্মাণ দেখতে চাই। তিনি ১৯৯০ সালে রাম মন্দির আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। গতবছর রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে উমা ভারতী বলেছিলেন, এটা আমার বিশ্বাস ও গর্বের বিষয় এবং এজন্য জেলে যেতে হলেও যাব, ফাঁসিতে চড়তে হলেও যাব।

তিনি প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলেছেন, উনি তাদের সঙ্গে অযোধ্যায় গিয়ে শিলান্যাস করান। তাহলে রাম মন্দির নির্মাণ নিয়ে তাঁর যে পুরোনো পাপ আছে তা সব ধুয়ে মুছে যাবে। উমা ভারতীর দাবি, ২০১৯ সালে পুনরায় বিজেপি সরকার গঠিত হবে। ২০১৪ সালে তাঁরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেছেন বলেও তিনি মন্তব্য করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *