পাথেয় রিপোর্ট: আল্লাহ দেখান আশা, শয়তান দেখায় ভয় মন্তব্য করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, মানুষ যখন দান-সদকা করে তখন আল্লাহ তাআলা তার বান্দাকে রহমত, মাগফিরাত ও নাজাতে আশা দেখান। কিন্তু দান-সদকা করলে শয়তান মানুষকে দারিদ্র্যতা, অভাব-অনটনের ভয় দেখায়।
আল্লামা মাসঊদ বলেন, ইসলামে দান-সদকার গুরুত্ব অপরিসীম। দান করার জন্য ধনী হওয়ার প্রয়োজন নেই, সুন্দর ইচ্ছাই যথেষ্ট। মানুষ এখন শয়তানকে বন্ধু মনে করে, দান-সদকা করতে শয়তানের কথা শুনে, দরিদ্রতাকে ভয় পায়, অথচ আল্লাহ তাআলা দান-সদকার বিনিময়ে ক্ষমা করা এবং সম্পদ বৃদ্ধি করার ওয়াদা করেছেন।
২ নভেম্বর শুক্রবার রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
আল্লাহ মানুষের বন্ধু, শয়তান মানুষের শত্রু মন্তব্য করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, শয়তান মানুষের সুস্পষ্ট শত্রু, কোন গোপনশত্রু নয়। আর পৃথিবীতে আল্লাহ তাআলাই মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং আখেরাতেও ভালোবাসবেন। কিয়ামতের দিন অনেক বান্দা এমন পাওয়া যাবে আল্লাহ তাদের নেক কাজের সওয়াব তো দিবেনই, সাথে সাথে তাদের গুণাহ গুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা কখনোই তার বান্দাকে লজ্জিত করেন না, কিয়ামতের দিনও করবেন না।
আল্লাহ মানুষের নেক আমলকে লালন-পালন করেন উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, মানুষ যেমন তাদের গবাদি পশুকে লালন করে, আল্লাহ মানুষের নেন আমলকে তেমন লালন পালন করে। গবাদি পশু লালন করলে গবাদি পশু যেমন দিনদিন বৃদ্ধি পায়, তেমনি মানুষের আর্থিক অবস্থারও উন্নতি হয়, ঠিক এমনিভাবে আল্লাহ তাআলা মানুষের নেক আমলগুলোকে লালন পালন করেন আখেরাতে অনেক গুণ বৃদ্ধি করে সওয়াব দেয়ার জন্যে। উপমা স্বরূপ তিনি বলেন, কোন ব্যক্তি একবার ‘সুবহানাল্লাহ’ বলে, তাহলে আল্লাহ বান্দার এই ‘সুহবানাল্লাহ’কে লালন-পালন করেন। কিয়ামতের দিন বান্দার তার এই একবার সুবহানাল্লাহ বলার সওয়ার ৫০ কোটি সুবহানাল্লাহ বলার সমপরিমাণ পাবে।
নেক কাজের বদলা আল্লাহ তাঁর শান অনুযায়ী দিবেন উল্লেখ করে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, হাদীস শরীফে নেক কাজের বদলা হিসেবে যেসব পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে, ওইসব নির্দিষ্ট কোন পরিমাণ নয়, বরং অধিক্যতা বুঝানো উদ্দেশ্য। নেক কাজের ক্ষেত্রে সওয়াবের নির্দিষ্ট কেন পরিমাণ নেই। আল্লাহ তাআলা তার বান্দার নেক কাজের বদলা তাঁর শান অনুযায়ী যত ইচ্ছে বৃদ্ধি করে দিবেন।
মসজিদে উপস্থিত মুসল্লীদেরকে উল্লামা মাসঊদ মসজিদ-মাদ্রাসাতে বেশি বেশি দান-সদকায় করার কথা বলে সবাইকে তাঁর সাথে ধ্বনি তুলতে বলেন, হে আল্লাহ, আপনি আমাদের হৃদয়কে উদার করে দিন। আপনি আমাদেরকে আপনার রাস্তায়, ইসলাম ও দ্বীনের কাজে, সামর্থ অনুযায়ী দান-সদকায় করা তাওফিক দান করুন।


