পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পর্যটকদের অযাচিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ নষ্ট হচ্ছে-সম্প্রতি এমন অভিযোগ এনে সেখানে পর্যটকদের রাতযাপন নিষিদ্ধ করে একটি ঘোষণা দেয়া হয়েছিল। ঘোষণাতে বলা হয়েছিল, আগামী ১ মার্চ মাস থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকরা রাতযাপন করতে পারবেন না। কিন্তু এখন এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তবে সেন্টমার্টিনে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন ও একটি নির্দিষ্ট ফি প্রদানের বিষয়টি বহাল থাকছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয়দের কর্মসংস্থান ও বিভিন্ন হোটেল-মোটেল বিনিয়োগকারীদের বিষয়টি বিবেচনা করে সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সেন্টমার্টিন দ্বীপে বসবাসকারীদের কর্মসংস্থান এবং সেখানে ব্যবসায় বিনিয়োগকারীদের পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক গণমাধ্যমকে জানান, সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিষিদ্ধ করা না হলেও সেটা সীমিত করা হবে। কারণ দ্বীপটির স্থানীয়দের কর্মসংস্থান মূলত বেড়াতে যাওয়া পর্যটকদের ঘিরেই চলে আসছে। এ ছাড়া সেখানে অনেক হোটেল-মোটেলে বিনিয়োগ রয়েছে ব্যবসায়ীদের। পর্যটকদের রাতযাপন হঠাৎ বন্ধ করে দিলে তাদের ওপর বিরূপ প্রভাব পড়বে। এ কারণে বিকল্প ব্যবস্থা চিন্তা করা হচ্ছে। দ্বীপসংশ্লিষ্টদের পুনর্বাসনের পরই রাতযাপন বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তবে নতুন করে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাতে বলা হয়েছে, পর্যটকরা সেন্টমার্টিন যেতে চাইলে আগে রেজিস্ট্রেশন করতে হবে। জাতীয় পরিচয়পত্রের বিপরীতে হবে এ রেজিস্ট্রেশন। এ জন্য একটি নির্দিষ্ট ফি নির্ধারণ করা হবে। সেন্টমার্টিনে কারা যাচ্ছে তার তথ্য সংরক্ষণ করা হবে। এ ছাড়া একই পর্যটক বারবার দ্বীপটিতে যেতে পারবেন না।
উল্লেখ্য, সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের ইউনিয়ন। এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা।
সেন্টমার্টিন একটি ছোট দ্বীপ যা বাংলাদেশের সীমানার সর্ব দক্ষিণে অবস্থিত। নয়নাভিরাম সৌন্দর্য অবলোকনের ও ভ্রমণের একটি আকর্ষণীয় পর্যটন এলাকা। এটি বঙ্গোপসাগরের উওর-পূর্ব অংশে এবং টেকনাফ থেকে ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আরবের কিছু নাবিক ২৫০ বৎসর পূর্বে এটি আবিস্কার করে। তারা এটিকে “জাজিরা” নামকরণ করেন। বৃটিশ শাসনের সময়কালে এটিকে পুনরায় “সেন্টমার্টিন” দ্বীপ নামে নামকরণ করা হয়। দ্বীপটির স্থানীয় নাম নারিকেল জিনজিরা। এটিই বাংলাদেশের একমাএ প্রবাল দ্বীপ। এর আয়তন ৮ বর্গ কিলোমিটার। ২০০৬ সালের হিসেব অনুযায়ী এর জনসংখ্যা ৭,০০০ জন। এবং এর ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৮৭৫ জন। সেন্টমার্টিনের ব্যপিÍতে ছেঁড়াদ্বিপ নামে একটি সংযোযিত অংশ রয়েছে। রাজধানী ঢাকা থেকে এখানে পৌঁছাতে প্রায় ১২ ঘন্টা সময় লাগে।


