নেইমারকে বিক্রি করাটা ‘বাজে সিদ্ধান্ত’

নেইমারকে বিক্রি করাটা ‘বাজে সিদ্ধান্ত’

স্পোর্টস ডেস্ক ● দুজন একসঙ্গে খেলেছেন তিন মৌসুম। ‘এমএসএন’ তৈরি হওয়ার পর ইভান রাকিটিচ যোগ দিতেই পূর্ণতা পেয়েছিল বার্সেলোনা। দলবদলের রেকর্ড গড়ে নেইমার বার্সেলোনায় যাওয়ার প্রায় দেড় মাস পর মুখ খুললেন এই মিডফিল্ডার। দলের অন্যতম সেরা খেলোয়াড়কে বিক্রির সিদ্ধান্ত ভালো ছিল না বলে মন্তব্য করেছেন তিনি।

প্রিয় বন্ধুর দল ছেড়ে যাওয়াটা রাকিটিচকে ভুগিয়েছে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ব্যক্তিগতভাবে এটা আমার জন্য খুব কঠিন ছিল। শুধু ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নয়, আমার জন্য, সে একজন বড় মাপের মানুষও। তাকে আমাদের ড্রেসিং রুমে প্রয়োজন ছিল…তাই আমার জন্য এটা বেশ খারাপ একটা সিদ্ধান্ত। কারণ আমি তাকে আমার দলে চাইতাম।’

নেইমার বার্সায় ছিলেন চার মৌসুম। ১৮৬ বার মাঠে নেমে ১০৫টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান। তাঁর শূন্যতা পূরণে সম্ভাব্য সবকিছুই করেছে বার্সেলোনা। ১০৫ মিলিয়ন ইউরোয় উসমান ডেম্বেলে এসেছেন ডর্টমুন্ড থেকে। মিডফিল্ড শক্তিশালী করতে যোগ দিয়েছেন আরেক ব্রাজিলিয়ান পাউলিনহো। যদিও কুতিনহোকে দলে টানার সব চেষ্টাই বিফল হয়েছে।

এরপরও কি নেইমার শূন্যতা কেটেছে? রাকিটিচ মনে করেন এ রকম খেলোয়াড়ের শূন্যতা মিটবার নয়। তাই খারাপ লাগলেও নেইমারের সিদ্ধান্তকে সম্মান করতে হবে বার্সেলোনার। ‘কোনো ক্লাব যদি তাকে কিনতে চায় আর সেও যদি বার্সা ছাড়তে চায়, তবে আমাদের সেটাকে সম্মান দেখানো উচিত। শুভকামনা জানান উচিত।’

‘আশা করব সে প্যারিসে অনেক গোল করবে, সুখী হবে। আমাদের পথটা কিন্তু আমাদেরই পাড়ি দিতে হবে এবং আগের চেয়ে শক্ত থাকতে হবে।’ সবশেষে বলেছেন এই ক্রোয়াট মিডফিল্ডার।

নেইমারের বদলি হিসেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দলে আনা হয়েছে ডেম্বেলেকে। কিন্তু এসেই ইনজুরির কবলে পড়েছেন ফরাসি এই ২০ বছর বয়সী। হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ত্রোপচার করতে হয়েছে, ফিরে আসতে অন্তত তিন মাস সময় লাগতে পারে। যদিও দুই মাসের মধ্যেই মাঠে ফিরতে আশাবাদী ডেম্বেলে।

লিগে অবশ্য বার্সেলোনার শুরুটা হয়েছে দারুণ। লিওনেল মেসির দুর্দান্ত ফর্মে ইতিমধ্যেই টেবিলের শীর্ষস্থানে কাতালান ক্লাবটি। (সূত্র: গোল)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *