নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ীদের সঙ্গে সরকারের তিন মন্ত্রীর বৈঠকের পর চালের দাম কমতে শুরু করেছে। পাইকারি বাজারে ভারত থেকে আমদানি করা মোটা চালের দাম কেজিপ্রতি প্রায় ৫ টাকা কমেছে। চালকলের মালিকেরা সরু ও মাঝারি চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা কমিয়েছেন বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।
অবশ্য খুচরা বাজারে দাম কমার প্রভাব এখনো পড়েনি। ব্যবসায়ীরা বলছেন, খুচরায় চালের দাম কমতে আরও কয়েক দিন লাগবে।
এদিকে দেশের বেশ কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠী দীর্ঘ সময় পর চাল আমদানি শুরু করেছে। সরকারের পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা চাল আমদানিতে নেমেছে বলে জানা গেছে। ইতিমধ্যে কয়েকটি বড় প্রতিষ্ঠান থাইল্যান্ড, মিয়ানমার ও ভারত থেকে চাল আমদানির ঋণপত্র খুলেছে।


