পঞ্চমবারের মতো দলের সভাপতি হলেন বদরুদ্দিন আজমল
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবারও দলের প্রধান নির্বাচিত হয়েছেন ভারতের আসাম ত্রাণকর্তা ও মুসলমানদের দ্বীনী চেতনার বাতিঘর মাওলানা বদরুদ্দিন আজমল আল- কাছিমি। নিজের নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মোৰ্চা (এআইইউডিএফ) এর পঞ্চম বারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ২৬ অক্টোবর ২০১৯ শনিবার গুয়াহাটি মনীষা বিবাহ ভবনে এআইইউডিএফ দলের এক সাধারণ সভায় তাকে দলের কাণ্ডারী হিসেবে ঘোষণা করা হয়।
এ সভায় আসামের প্রত্যেক জেলার সর্বসম্মতিক্রমে পঞ্চম বারের মতো তিনি ভোট পান। দলের সভাপতি হিসেবে নির্বাচিত হন। আসামের লাঞ্চিত বঞ্চিত নিপীড়িত মানুষের নেতা ও সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল আল- কাছিমির বিষয়ে কেউ কোনো বিরোধিতা করেননি। সাথে সাথে এআইইউডিএফের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্ত হলেন করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস মহাশয়।
প্রসঙ্গত, দারুল উলুম দেওবন্দ থেকে ফাজিল ডিগ্রি অর্জনকারী মাওলানা বদরুদ্দিন আজমল শিল্পপতি, ব্যবসায়ী এবং একজন সমাজকর্মী। তিনি হাজোইয়ের হাজী আব্দুল মজিদ মেমোরিয়াল (হ্যাম) পাবলিক ট্রাস্টের ব্যবস্থাপনা ট্রাস্টি। এই ট্রাস্টটি আসামের হাজোইতে অবস্থিত দাতব্য হাসপাতাল হাজী আব্দুল মজিদ মেমোরিয়াল হাসপাতাল ও রিসার্চ সেন্টারের জন্য পরিচিত।
২০০৬ সালের আসাম আইন পরিষদের নির্বাচনে, তিনি যুগপৎ দুটি আসন — দক্ষিণ সালমারা ও যমুনামূখ থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হন। তখনই এইউডিএফ পার্টি ১০টি আসনে জয়লাভ করে এবং তিনি সেই দলের নেতা হিসেবেও নির্বাচিত হন।
আসাম আইন পরিষদের ২০১১ সালের নির্বাচনে, এআইইউডিএফ ১৮ আসনে জয়লাভ করে এবং আসামের বৃহত্তম বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়। নিখিল আসাম স্টুডেন্টস ইউনিয়নের সাথে আরেকটি মুসলিম গ্রুপ সাদু আসাম গারিয়া-মোরাই দেসি (এসএজিএমজে), ২০১২ সালে আসামের সহিংসতার ঘটনায় উস্কানিমূলক মন্তব্যের জন্য আজমলকে দায়ী করে।
আজমল আসাম সাহিত্য সভার ২০০৪ সালের হোজাই অধিবেশন কমিটির সভাপতি ছিলেন এবং দারুল হাদীস, জয়নগর মাদ্রাসা, আসামের সভাপতির দায়িত্ব পালন করছেন।
বদরুদ্দিন আজমল (জন্ম ১২ ফেব্রুয়ারি ১৯৫০) হচ্ছেন ভারতীয় সংসদের ধুবড়ি লোক সভার সদস্য। তিনি অসম সংযুক্ত গণতান্ত্ৰিক মোৰ্চা প্রতিষ্ঠা করেন যার বর্তমান নাম নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মোৰ্চা। তিনি ভারতীয় রাজনীতিতে বিশেষত আসামে, তার অবস্থান অনেক মজবুত। তিনি আসাম রাজ্যের জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতিও ছিলেন।
আজমল ২০১৫-১৬ সালে জর্ডানের রয়্যাল ইসলামিক স্টাটিজিক স্টাডিজ সেন্টারের প্রকাশিত বিশ্বের ৫০০ সর্বাধিক প্রভাবশালী মুসলমানদের তালিকাভুক্ত ছিলেন।


