পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) মধ্যাহ্নে তিনি মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা গ্রহণ করার পূর্বে এই পদত্যাগ কার্যকর হবে না।
প্রতিমন্ত্রীর দপ্তরের একজন কর্মকর্তা গণমাধ্যমে জানিয়েছেন, প্রতিমন্ত্রী ই-মেইলে এই পদত্যাগপত্রটি পাঠিয়েছেন বলে তাদেরকে জানিয়েছেন। এখন সেটি নিয়ে তথ্যসচিবের সঙ্গে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় আজকের ভেতর ডা. মুরাদ হাসানকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৯ সালের মে মাসে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী উপজেলা) আসনের সাংসদ।
মন্ত্রিত্ব হারানোর পাশাপাশি দল থেকেও বাদ পড়তে পারেন মুরাদ হাসান – এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসম্পর্কে কোনো মন্তব্য করেননি।


