পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রস্তাব পাস হয়েছে। বিধানসভায় ‘সিএএ’ বিরোধী প্রস্তাব পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী ও ক্ষমতাসীন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
সোমবার (২৭ জানুয়ারি) বিধানসভায় সরকারপক্ষ থেকে ওই প্রস্তাব আনা হলে বিরোধী বামফ্রন্ট ও কংগ্রেস বিধায়করা তা সমর্থন করেন। বিজেপি বিধায়করা অবশ্য ওই প্রস্তাব সমর্থন করেনি।
রাজ্য বিধানসভায় ‘সিএএ’বিরোধী প্রস্তাব পাস হওয়ার ফলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চাপ বাড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। এরআগে কেরালা, পাঞ্জাব ও রাজস্থান বিধানসভায় ‘সিএএ’বিরোধী প্রস্তাব পাস হয়েছিল। এবার পশ্চিমবঙ্গ বিধানসভাতেও ওই প্রস্তাব পাস হল।
সোমবার ‘সিএএ’বিরোধী প্রস্তাব সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা বাংলায় ‘সিএএ’, ‘এনপিআর’ও ‘এনআরসি’ হতে দেবো না। শান্তিপূর্ণভাবে আমরা এর বিরোধিতা করব। ‘সিএএ’ মেনে দেশের নাগরিকত্ব পেতে হলে, আগে নিজেকে বিদেশি বলে ঘোষণা করতে হবে। এটা মারাত্মক ষড়যন্ত্র। ওদের টোপে পা দেবেন না।’
তিনি বলেন, ‘সিএএ জনবিরোধী ও সংবিধান-বিরোধী। আমরা চাই, এই আইন অবিলম্বে বাতিল করা হোক।’
মমতা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, ‘ভেঙে দিলে আমার সরকার ভেঙে দিন, কেয়ার করি না। মানুষকে কেয়ার করি। সংবিধানকে টুকরো করতে দেব না। সংশোধিত নাগরিকত্ব আইন অবিলম্বে বাতিল করা হোক।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত ৬ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বিরোধী প্রস্তাব পাস হয়েছিল। আর এনআরসি’র সূত্র ধরেই ‘সিএএ’এসেছে। সেজন্য দেশের মধ্যে সর্বপ্রথম এই প্রস্তাব পশ্চিমবঙ্গেই পাস হয়েছিল। তিনি এদিন জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) বাতিলের দাবিতেও সোচ্চার হন।


