পশ্চিমবঙ্গে টিকাকেন্দ্রে পদদলিত হয়ে আহত ২০

পশ্চিমবঙ্গে টিকাকেন্দ্রে পদদলিত হয়ে আহত ২০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে একটি টিকাকেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ২০ জন আহত হয়েছে। এক দিনে প্রায় ১১ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। তবে এই বিপুল মানুষকে টিকা দিতে গিয়ে জলপাইগুড়ি জেলার একটি টিকাকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিকা কেন্দ্রের কাছে প্রায় দুই হাজার মানুষ সেখানে জড়ো হয়। আর সেখানে ভোরে পুলিশের কোনও উপস্থিতি ছিলো না।

সকাল দশটার দিকে পুলিশ উপস্থিত হয়ে স্কুলের গেট খুলে দিলে সমবেতরা দ্রুত একে অপরকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করতে যায়। হুড়োহুড়িতে বেশ কয়েক জন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি মাঠে পড়ে যায়। মানুষকে সাহায্য করতে গিয়ে আহত হয় এক পুলিশ সদস্যও।

পরে বেশি সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধারে এগিয়ে আসে স্থানীয়রাও।

এদিকে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত একদিনে ১০ লাখ ৯৯ হাজার ৪৩৭ জনকে টিকা দেওয়া হয়েছে। দিন শেষে টিকাপ্রদানের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *