হোসাইন আহমদ বাহুবলী ● শায়খুল হাদীস আল্লামা যাকারিয়া রহ. বলেন, পাগড়ি পরিধান করা “সুন্নতে মুসতামিররা”(চলমান সুন্নত) এ মর্মে তিনি আল্লামা আইনীর উদ্বৃতি দেন। সেখানে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাঃকে কেউ প্রশ্ন করেছিল
يا أبا عبد الرحمن ! العمامة سنة؟
হে আবু আব্দির রাহমান (ইবনে উমর রা.-এর উপ নাম) পাগড়ি কি সুন্নত ?
قال نعم
উত্তরে তিনি বলেন হ্যাঁ। (উমদাতুল ক্বারী খণ্ড ১৯ পৃষ্ঠা ৭১০)
কোন কোন আলেম এটাকে “পোশাকের সুন্নতও বলেছেন। যারা সুন্নাত বলেছেন, তারাও সুন্নাতে জায়েদা বলেছেন।(أقرب الوسائل إلى شرح الشمائل)
আল্লামা শওকানী রহ. বলেন
والاحاديث يدل على استحباب لبس العمامة
একাধিক সূত্রে হাদীসের বর্ণনা পাগড়ি পরিধান মুস্তাহাব প্রমাণ করে।
( نيل الاوطار جلد٢ صفحة ١١٠)
আল্লামা মুনাভী রহ. “ফয়যুল ক্বাদীর”এ বলেন, পাগড়ী পরিধান করা মুস্তাহাব।
(درس ترمذى كتاب إللباس جاد ٩ صفحة ٣٤٣)
আল্লামা ইবনুল হাজ্জ রহ. “মাদখাল” নামক কিতাবে পাগড়ি পরিধান করা মুবাহ বলেছেন।
(الدعامة صفحة١٠١)
শায়খুল ইসলাম আল্লামা তক্বী উসমানী বলেন, পাগড়ি পরিধান করা “সুন্নতে আদিয়া” (নবীজির অভ্যাসগত সুন্নত) নবীজির সুন্নতে আদিয়া কেউ সুন্নত হিসেবে আমল চালিয়ে গেলে প্রতিদান ও সওয়াবের অধিকারী হবে নিঃসন্দেহে।
(عمامه كی شرعی حیثیت صفحة ٣٧)
অসংখ্য বিশুদ্ধ হাদীস দ্বারা তা প্রমাণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামগণ পাগড়ী পরতেন।
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ الْأَنْصَارِيِّ، ” أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ – وَقَالَ قُتَيْبَةُ: دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ – وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ بِغَيْرِ إِحْرَامٍ
(জাবির রা. বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মক্কায়) প্রবেশ করলেন। তখন তাঁর মাথায় কালো পাগড়ি ছিল।( মুসলিম শরীফ: হাদীস ১৩৫৮)
একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং মাথার অগ্রভাগ ও পাগড়ির উপর মাসাহ করলেন।
অন্য হাদীসে আছে, মুগীরা ইবনে শুবা রা. বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং মাথার অগ্রভাগ ও পাগড়ির উপর মাসাহ করলেন।
সহীহ মুসলিমঃ হাদীস : ৮১
রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরিধান সংক্রান্ত এ ধরনের আরও অনেক বর্ণনা হাদীসের বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে।
সাহাবা, তাবেয়ীগণও নামাযে এবং নামাযের বাইরে বিভিন্ন সময় ব্যাপকভাবে পাগড়ি ব্যবহার করতেন। দ্রষ্টব্য : সহীহ বুখারী ১/৫৬
সুলাইমান ইবনে আবি আবদিল্লাহ রাহ. বলেন, আমি মুহাজির সাহাবীগণকে কালো, সাদা, হলুদ, সবুজ বিভিন্ন রঙের পাগড়ি পরতে দেখেছি।
মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস : ২৫৪৮৯
বর্ণিত হাদিসসমূহ ছাড়াও পাগড়ী সম্পর্কে অসংখ্য ছহীহ হাদীস বর্ণিত হয়েছে।
অনেক হাদীসে পাগড়ীতে ফেরেশ্তাদের চিহ্ন হিসাবে উল্লেখ করেছেন।
পাগড়ী যে লিবাসে সালেহীন (নেককারদের পোষাক) এর মধ্যে কোন সন্দেহ নাই। তাই কেউ যদি রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে পাগড়ী পরে তাহলে অবশ্যই সাওয়াব পাবেন।


