পাথেয় রিপোর্ট : সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে এবার পুলিশ পদক পাচ্ছেন ৩৪৯ জন।আগামী ৪ ফেব্রুয়ারি রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে এই পদক তুলে দেবেন।
আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ এর উপসচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়।
এর আগে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো নামের চূরান্ত তালিকা স্বরাষ্ট্রমন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। এরপর তালিকায় পুলিশ কর্মকর্তা ও সদস্যের নাম চূড়ান্ত করা হয়। সেই সঙ্গে পুলিশ পদকের ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ সংখ্যক উর্ধ্বতন কর্মকতা পুলিশ পদক তালিকায় স্থান পেয়েছেন।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলামসহ শীর্ষ কর্মকর্তাদের অনেকেই এই তালিকায় রয়েছেন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে প্রজ্ঞাপন অনুসারে এবারের পদক সংখ্যা ৩৪৯টি। এর মধ্যে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের পুরস্কার স্বরুপ ৪০ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রসংসনীয় অবদানের জন্য ১০৪ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম – সেবা এবং ১৪৩ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা প্রদান করা হয়েছে। গত বছর সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১৮২ জন জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়।
আগামী ৪ ফেব্রুয়ারি রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে এসব পদক তুলে দেবেন।


