পৃথিবীর সবকিছু আমার জন্য, আমি আল্লাহর জন্য : আল্লামা মাসঊদ

পৃথিবীর সবকিছু আমার জন্য, আমি আল্লাহর জন্য : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর, মনোরম ও নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন আমার জন্য, আর আমাকে সৃষ্টি করেছেন তাঁর জন্য, একমাত্র তার ইবাদত করার জন্য’ বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেছেন, ‘এই উম্মতের উপর আল্লাহর অনুগ্রহরাজি ও নেয়ামত অসংখ্য, তা হিসাবের অতীত। তা এতো বিপুল, যা পরিসংখ্যান করা সম্ভব নয়। আল্লাহ মানুষকে দিয়েছেন কথা বলার জন্য যবান, দেখার জন্য চোখ, শোনার জন্য কান, ধরার জন্য হাত, চলার জন্য পা। অগণিত নেয়ামত দিয়ে ঘিরে রেখেছেন তিনি মানুষকে। তার একমাত্র কারণ, মানুষ যেন তাঁর নাম জপে, তাঁর জিকির করে, কেবল তাঁর ইবাদত করে।

শুক্রবার (১২ নভেম্বর) বাদ এশা রায়পুরা, নরসিংদী মাদরাসাতুত তাওহীদ বেগমবাদ এর উদ্যোগে আয়োজিত আত্মশুদ্ধি মূলক ইসলাহি মাহফিলে আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর এই খলিফা এসব কথা বলেন।

আল্লামা মাসঊদ বলেন, ‘আল্লাহ তাআলা নিজে পাক পবিত্র, নিয়মিত তাঁর নামের জিকির বান্দাকেও পাক পবিত্র বানিয়ে দেয়। আল্লাহর নামের জিকির বান্দাকে এমন পাক পবিত্র বানিয়ে দেয় যে, তার ঘাম, পেশাব, পায়খানায় দুর্গন্ধ থাকে না। যেমন আমাদের নবীজী মুহাম্মাদ (সা.) এর পেশাব পায়খানায় দুর্গন্ধ ছিল না। হজরত আয়েশা (রা.) বলেছেন, নবীজী পেশাব পায়খানা করার পর আমরা দেখতাম, মাটি তা খেয়ে ফেলতো এবং ওই জায়গা থেকে সুগন্ধি বের হতো।’

কেউ আল্লাহর নামের জিকির করলে আল্লাহ তাকে সম্মানীত করবেন উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, ‘আল্লাহ তাআলা সব কিছুর চেয়ে বড়। আল্লাহর ক্ষমতাও সব কিছুর চেয়ে বড়। তাঁর ক্ষমতা সম্পর্কে ধারণা করাও অসম্ভব। যেহেতু আল্লাহ তাআলা বড়, সেই হিসেবে আল্লাহ তাআলার নামও দুনিয়ার সব কিছুর চেয়ে বড়। যে আল্লাহ তাআলার নাম জপবে, আল্লাহ তাআলা তাকে বড় বানাবেন।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ তাআলা সম্মানী, তাঁর নামও সম্মানী। যে আল্লাহ আল্লাহ জিকির করবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা নিজে শক্তিশালী, তাঁর নামও শক্তিশালী। যে আল্লাহর নাম নেবে, আল্লাহ তাআলা তাকেও ক্ষমতাবান বানাবেন। তাই আমরা বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করবো।’

আল্লামা মাসঊদ বলেন, ‘আল্লাহর নামের জিকিরে অনেক শক্তি। জিকিরের দ্বারা সমস্ত বালা-মুসিবত দূর হয়ে যায়। জিকিরের মধ্যেই সমস্ত কল্যাণ এবং দুনিয়া ও আখিরাতের সফলতা বিদ্যমান। আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যা পরিবারের সদস্যদের নিয়ে জিকিরের মজলিস করবো। ইনশাআল্লাহ, জিকিরের বরকতে তিনি আমাদের সব বিপদ-আপদ দূর করবেন, ঘরে শান্তি দেবেন।’

মাদরাসাতুত তাওহীদের মুহতামিম মাওলানা হাবিবুর রহমান ও মাহফিলের সভাপতি আলহাজ জহির উদ্দিনের উপস্থিতিতে আরও বয়ান করেন বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের মহাসচিব মুফতি মোহাম্মাদ আলী, বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসেমী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফি, মাওলানা আব্দুর কাইয়ুম খান, মাওলানা বশির আহমদ, মুফতি আনওয়ার হোসাইন চিশতী, মুফতি আমিনুল ইসলাম, মুফতি শফিউল্লাহ আদম, মুফতি শামসুল হক, মাওলানা মুখতার হোসাইন, মাওলানা নাসিরুদ্দীন আনসারীসহ দেশবরণ্য উলামায়ে কেরাম।

মাহফিলে আগত মুসল্লীদের মাঝে আগ্রহীরা মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর এই খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাতে বায়আত গ্রহণ করেন। বায়আত শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা ও দেশ-জাতি, করোনা মহামারি থেকে মুক্তি এবং মুসলিম উম্মাহের জন্য শান্তি কামনা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *