প্রচলিত আহলে হাদীসের প্রবক্তারা হাদীসই বুঝে না : আল্লামা মাসঊদ

প্রচলিত আহলে হাদীসের প্রবক্তারা হাদীসই বুঝে না : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রচলিত আহলে হাদীসের প্রবক্তারা হাদীসই বুঝে না মন্তব্য করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, ‘আহলে হাদীসের প্রবক্তারা সহীহ হাদীসের কথা মুখে বলে, কিন্তু আসলে তারা হাদীসের সঠিক ব্যাখা জানে না, আরবি ভাষার মর্মার্থ বুঝে না। সহীহ হাদীসের নামে তারা সমাজে বিভ্রান্তি ও বিশৃংখলা ছড়াচ্ছে। আমাদের তাদের থেকে সতর্ক থাকতে হবে, দূরে থাকতে হবে।’ ‘ইল্লাল্লা’ জিকির প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সর্বসম্মতিক্রমে ইমাম আবু হানিফা (রহ.) একজন তাবেয়ী ও তাবেয়ীদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনি হাদীস শাস্ত্রে অতুলনীয় জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি সহীহ হাদীসের সাথে নবীজী মুহাম্মাদ (সা.) এর শেষ যামানার আমলের উপর ভিত্তি করে ফতোয়া প্রদান করতেন। ফিকহ শাস্ত্রে তাঁর স্থান সবার উপরে।’

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বাদ এশা বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরী আয়োজিত রাজধানীর ভাষানটেক জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসা মিলনায়তনে আত্মশুদ্ধি মূলক ইসলাহি মাহফিলে আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর এই খলিফা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্বব্যাপি ছড়িয়ে যাওয়া অশ্লীলতায় বাতাস দূষিত হয়ে আছে। আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির করে বাতাস পবিত্র করতে হবে। নিয়মিত তাঁর নামের জিকির করে আবার বাতাসে শুদ্ধতা ছড়িয়ে দিতে হবে। বিশ্বের বাতাসে এখন দুর্নীতি, মিথ্যা, গীবত, পরনিন্দা, অশ্লীলতা ও পাপাচারের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। এজন্য বাতাস দূষিত হয়ে গেছে। তাই বাতাসে নেক আমলের শুদ্ধতা ছড়িয়ে দিয়ে, আল্লাহ ও তাঁর নামের জিকির করে, বাতাসকে আবার পরিশুদ্ধ করতে হবে।’

‘আহলে হাদীসের প্রবক্তারা সহীহ হাদীসের কথা মুখে বলে, কিন্তু আসলে তারা হাদীসের সঠিক ব্যাখা জানে না।’

কেউ আল্লাহর নামের জিকির করলে আল্লাহ তাকে বড় বানাবেন, সম্মানীত করবেন উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, ‘আল্লাহ তাআলা সব কিছুর চেয়ে বড়। আল্লাহর ক্ষমতাও সব কিছুর চেয়ে বড়। তাঁর ক্ষমতা সম্পর্কে ধারণা করাও অসম্ভব। যেহেতু আল্লাহ তাআলা বড়, সেই হিসেবে আল্লাহ তাআলার নামও দুনিয়ার সব কিছুর চেয়ে বড়। যে আল্লাহ তাআলার নাম জপবে, আল্লাহ তাআলা তাকে বড় বানাবেন।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ তাআলা সম্মানী, তাঁর নামও সম্মানী। যে আল্লাহ আল্লাহ জিকির করবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা নিজে শক্তিশালী, তাঁর নামও শক্তিশালী। যে আল্লাহর নাম নেবে, আল্লাহ তাআলা তাকেও ক্ষমতাবান বানাবেন। তাই আমরা বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করবো।’

আল্লামা মাসঊদ বলেন, ‘আল্লাহর নামের জিকিরে অনেক শক্তি। জিকিরের দ্বারা সমস্ত বালা-মুসিবত দূর হয়ে যায়। জিকিরের মধ্যেই সমস্ত কল্যাণ এবং দুনিয়া ও আখিরাতের সফলতা বিদ্যমান। আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যা পরিবারের সদস্যদের নিয়ে জিকিরের মজলিস করবো। ইনশাআল্লাহ, জিকিরের বরকতে তিনি আমাদের সব বিপদ-আপদ দূর করবেন, ঘরে শান্তি দেবেন।’

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, ‘দুরুদ শরীফ গুরুত্বপূর্ণ একটি আমল। এ আমলের মাধ্যমে একসঙ্গে আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়। এটি মুমিনের আত্মার খোরাক এবং প্রিয় তাসবিহ। আমাদের পেয়ারে নবীজীকে ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন তাঁর উপর দুরুদ পাঠ করা। আর এই দুরুদ পাঠ হাশরের ময়দানে নাজাতের উসিলা হবে।’

আরও পড়ুন: কুরআনের পাঁচটি দাবি মুসলমানদের মেনে চলতে হবে : আল্লামা মাসঊদ

আত্মশুদ্ধি মূলক মাহফিলে আরও বয়ান করেন বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের মহাপরিচালক মুফতি আবুল কাসেম, সোবহানবাগ মসজিদের সাবেক খতীব মাওলানা আব্দুর রাজ্জাক আযহারী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফি, বাংলাদেশ জমিয়তুল উলামার সাংগঠনিক সম্পাদক ও খুলনা মাদানী নগর মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, ভাষানটেক জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসা মুহতামিম ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সহ সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন এমদাদী, মাওলানা লুতফুর রহমান ফারুকী প্রমুখ।

আত্মশুদ্ধি মূলক মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা ইব্রাহীম শিলস্তানী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা রেজাউল হক আব্দুল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রেজওয়ান আহমদ প্রমুখ।

মাহফিলে আগত মুসল্লীদের মাঝে আগ্রহীরা মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর এই খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাতে বায়আত গ্রহণ করেন। বায়আত শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা ও দেশ-জাতি, করোনা মহামারি থেকে মুক্তি এবং মুসলিম উম্মাহের জন্য শান্তি কামনা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *