প্রমাণ দিতে না পারলে কান ধরে ওঠবস করতে হবে : মোদিকে মমতা

প্রমাণ দিতে না পারলে কান ধরে ওঠবস করতে হবে : মোদিকে মমতা

পাথেয় রিপোর্ট : ভারতে জাতীয় নির্বাচন ঘিরে রাজনীতিবিদদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বাকযুদ্ধে একে অপরকে ঘায়েলের চেষ্টা চলছে। দেশেরটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বনাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি বনাম কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই রাজনীতিকদের মধ্যে বাকযুদ্ধটা এবার বেশিই চোখে পড়ছে।

মমতা এবার মোদিকে উদ্দেশ্য করে বলেছেন, তৃণমূল কংগ্রেসের কোন প্রার্থী মাফিয়া- সেটি যদি আপনি প্রমাণ না করতে পারেন, তবে জনসমক্ষে কানে ধরে ওঠবস করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গালে গণতন্ত্রের চড় বসানোর ইচ্ছা করছে, এমন বক্তব্যের একদিন পরই আবারও মোদিকে ঘায়েল করলেন মমতা।

বৃহস্পতিবার পুরুলিয়ার নির্বাচনী সভায় নরেন্দ্র মোদি তৃণমূলের নেতারা কয়লা মাফিয়া বলে অভিযোগ করেন। এর জবাবে একই দিন বাঁকুড়া, পুরুলিয়ার নির্বাচনী সভায় মমতা নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। বলেন, তৃণমূলের কোন প্রার্থী কয়লা মাফিয়া, এটা প্রমাণ করতে পারলে দলের ৪২ প্রার্থীকেই তিনি প্রত্যাহার করে নেবেন। একই সঙ্গে তার হুশিয়ারি, ‘যদি প্রমাণ না হয়, আপনাকে সবার সামনে ১০০ বার কান ধরে ওঠবস করতে হবে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রশ্ন ছুড়ে বলেন, ‘কয়লা মন্ত্রণালয় কার অধীনে? কেন্দ্রের। রাজ্যের কয়লা খনিগুলো কেন্দ্রীয় পাহারায় থাকে উল্লেখ করে মমতা বলেন, কয়লা তো সিআইএসএফ পাহারা দেয়। রাজ্য পুলিশ পাহারা দেয় না। নরেন্দ্র মোদি আপনার পুলিশ, আপনার দফতর পাহারা দেয়। আপনার ক্যাডাররা তো করে খায়। আর বলছেন তৃণমূলের লোক মাফিয়া!

এর আগে নরেন্দ্র মোদি অভিযোগ করে বলেন, ‘তৃণমূল কয়লা মাফিয়াকে ভোটে দাঁড় করাচ্ছে।’ এর আগে মঙ্গলবার বাকুড়ার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের প্রচারে এসে মমতা মোদিকে উদ্দেশ করে বলেন, বাংলায় এসেই মোদি বলেন- মমতার দল তোলাবাজ। শুনলে আমার ওনাকে গণতন্ত্রের চড় কষাতে ইচ্ছা করে। মমতা বলেন, ‘গোটা জীবন লড়াই করেছি। পা থেকে মাথা পর্যন্ত সিপিএমের হাতে আক্রান্ত। এর পরও নরেন্দ্র মোদি এসে তোলাবাজ বললে গণতন্ত্রের চড় কষাতে ইচ্ছা করে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের জবাবে মোদি বলেছেন- ‘আমি শুনলাম দিদি (মমতা) আমাকে থাপ্পড় মারবেন বলেছেন। আমি আপনাকে দিদি বলে ডাকি। শ্রদ্ধা করি। আপনার থাপ্পড় আমার কাছে আশীর্বাদের মতো।’

মোদির এ মন্তব্যের তাৎক্ষণিক জবাব দেন মমতা। বলেন, আমি কখনও প্রধানমন্ত্রীকে থাপ্পড় মারার কথা বলিনি। আমি বলেছিলাম- গণতন্ত্রের থাপ্পড়ের কথা। ভাষা বুঝতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *