‘প্রাকৃতিক দুর্যোগ আসে মানুষের বদ আমলের কারণেই’

‘প্রাকৃতিক দুর্যোগ আসে মানুষের বদ আমলের কারণেই’

‘প্রাকৃতিক দুর্যোগ আসে মানুষের বদ আমলের কারণেই’

পাথেয় রিপোর্ট : মানুষের বদ আমলের কারণেই প্রাকৃতিক দুর্যোগ আসে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, বর্তমান বিশ্বে খারাপ কাজের পরিমাণ দিনদিন বেড়েই চলছে। মানুষ এখন ভালো কাজ করতে চায় না। মানুষ যখন গুনাহের কাজ করে, বদ আমল করে, তখন এর প্রভাব প্রকৃতির উপর পড়ে। আর মানুষের বদ আমলের কারণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ আসে।

ঘূর্ণিঝড় ফণী মানুষের বদ আমলের কারণেই ধেয়ে আসছে উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, আমাদের বদ আমলের কারণেই ভয়াবহ ঘূর্ণিঝড় ফণী আসছে। এই ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। দেশব্যাপী সব মুসলমানদেরই উচিত ইস্তেগফার পড়া। তওবা করা। তাওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা। প্রবলতর শক্তিমান ঘূর্ণিঝড় ফণীকে দুর্বল করে দিতে পারেন একমাত্র মহান আল্লাহ তাআলা।
৩ মে শুক্রবার রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষমতা কারো নেই দাবি করে আল্লামা মাসঊদ বলেন, প্রাকৃতিক দুর্যোগগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। এগুলো আল্লাহর বান্দার জন্য শাস্তি স্বরূপ। পৃথিবীর কোন শক্তি নেই তার মোকাবেলা করার। সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেলেও তার মোকাবিলা করা সম্ভব হবে না। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তওবা করে দ্বীনের পথে চললে আল্লাহ আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবেন।

আল্লাহ মানুষের নিরাপদ আশ্রয়স্থল উল্লেখ করে সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর এই খলীফা বলেন, শিশুর জন্য মায়ের কোল যেমন নিরাপদ আশ্রয়স্থল তার থেকে বেশি নিরাপদ মানুষের জন্য আল্লাহর আশ্রয়।

তিনি বলেন, আল্লাহ থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না। কারণ, সমগ্র পৃথিবীর মালিক আল্লাহ। তিনি সবকিছুর উপর ক্ষমতাশীল। তার শক্তির বাইরে কিছুই নেই। তাই আমাদের দ্বীনের পথে হেঁটেহেঁটে আল্লাহর দিকে পালিয়ে যাওয়া উচিত। আল্লাহই একমাত্র মানুষের নিরাপদ আশ্রয়স্থল।

মসজিদে উপস্থিত মুসল্লীদেরকে পবিত্র মাহে রমজানের আগেই তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানান আল্লামা মাসঊদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *