পাথেয় টোয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে অগ্নিকাণ্ড হয়েছে। এতে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে কাশিপুর খিল মার্কেটের চারতলা ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন সুলতান মিয়া ও তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন এবং আলী মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকদিন আগে সুলতান মিয়ার পরিবারের সবাই গ্রামের বাড়িতে যান। গ্যাসলাইন লিকেজ থাকায় ঘরে গ্যাস জমে ছিল। শনিবার রাতে তারা বাসায় ফিরে রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়। এতে ঘরের ভেতর থাকা নারীসহ চারজন দগ্ধ হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক তারিকুল ইসলাম জানান, আগুনে দগ্ধ চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।


