পাথেয় রিপোর্ট : আরো ১৪ নেতাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট করতে দলের এই চূড়ান্ত মনোনয়ন পেলেন দলটির আরো ১৪ নেতা।
১৪ জন নিয়ে বিএনপির প্রার্থী সংখ্যা দাঁড়াল ২২০ জনে। শুক্রবার দলের ২০৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার যারা বিএনপির মনোনয়ন পেয়েছেন তারা হলেন- চট্টগ্রাম -৮ আসনে এম মোরশেদ খান, সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-৬ আসনে ফয়সাল আহমেদ চৌধুরী, বরগুনা-২ খন্দকার মাহবুব হোসেন, গাইবান্ধা-২ আসনে আবদুর রশীদ সরকার, পটুয়াখালী-২ আসনে শহীদুল আলম তালুকদার, নারায়ণগঞ্জ-১ কাজী মুনীর, ময়মনসিংহ-১ আলী আজগর, কুমিল্লা-৬ হাজী আমিন উর রশীদ ইয়াসিন, জামালপুর-১ রশীদুজ্জামান মিল্লাত, নেত্রকোনা-৫ আবু তাহের তালুকদার, চাঁদপুর-৩ শেখ ফরিদ উদ্দিন আহমেদ, টাইঙ্গাইল-৩ লুৎফর রহমান খান আজাদ ও সাতক্ষীরা-৩ ডাক্তার শহিদুল আলম।
তবে এদিন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নেতাদের সাথে আসন ভাগাভাগি নিয়ে দিনভর বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামকে পাঁচটি, নাগরিক ঐক্যকে পাঁচটি, জেএসডিকে পাঁচটি, কৃষক-শ্রমিক-জনতা লীগকে তিনটি এবং জাতীয় ঐক্য প্রক্রিয়াকে একটি আসনে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।
অপরদিকে চারদলীয় জোট শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ১৯টি আসনে এবং অন্যান্য শরিকদের ১৭টি আসনে মনোনয়ন দেওয়ার খবর পাওয়া গেছে। তাদের নেতাদের মনোনয়নের সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে বলে জামায়াত নেতারা আশা করছেন। দুয়েকটা আসন নিয়ে বিএনপির সঙ্গে এখনও দর কষাকষি করছে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম।


