ক্রীড়া ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হবার পর টাইগারদার বিপক্ষে আজ রোববার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লড়বে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে আজ অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় শুরু হবে ম্যাচ। এই ম্যাচটি শেষে মঙ্গলবার একই স্টেডিয়ামে, একই সময়ে দ্বিতীয় ওয়ানডেটিও হবে। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
এমন সময় খেলা হচ্ছে, দিবারাত্রিতে ম্যাচ হবে। আর এই সময়ে ম্যাচ মানেই শিশির নিয়ে দুইদলের মধ্যে রাজ্যের ভাবনা তৈরি হওয়া। থাকারই কথা। পরে ব্যাটিং করা দলের যে সুবিধা মিলে। যে দল আগে ব্যাটিং করে তারা বিপদেই থাকে। স্কোরবোর্ডে রান অনেক বেশি না জমা করতে পারলেই যে হারের সম্ভাবনা থাকে। শিশিরে যে বোলিং করা খুবই কঠিন। ব্যাটসম্যানদের জন্যই কৃত্রিম আলোতে সুবিধা বেশি থাকে। এই ভাবনা নিয়েই আজ দুই দলকেই প্রথম ওয়ানডে খেলতে নামতে হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়াতে চায়। দলের অধিনায়ক রোভম্যান পাওয়েল যেমন বলেছেন, ‘আমরা এখন আর টেস্ট সিরিজের দিকে মনোযোগ রাখছি না। আমরা এখন সাদা বলের ক্রিকেটে মনোযোগী। ছেলেরা বেশ অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী আর আশা করছি আমরা সম্ভবপর সেরা ফল পাব। আমার মনে হয় বাংলাদেশকে হারানোর জন্য আমরা যথেষ্ট ভাল দল। আমরাও পূর্ণ শক্তির কাছাকাছিই আছি। খুবই রোমাঞ্চকর সিরিজ হবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে তিনবার ওয়ানডে সিরিজ জিততে পেরেছে বাংলাদেশ। ২০০৯ সালে প্রথমবার সিরিজ জেতার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশও করেছে বাংলাদেশ। সেটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই। এরপর ২০১২ সালে দেশের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে জিতেছে। এ বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আবার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ বার ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। তিনবার জেতার বিপরীতে পাঁচবার হেরেছে। তবে সর্বশেষ সিরিজে বাংলাদেশেরই জয় হয়েছে। দুই দলের মধ্যকার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ সিরিজে এবং বাংলাদেশের মাটিতে সর্বশেষ সিরিজে বাংলাদেশই জিতেছে। বাংলাদেশের মাটিতে অবশ্য ২০১২ সালের পর দুই দলের মধ্যকার আর কোন ওয়ানডে সিরিজই হয়নি। এবার ওয়েস্ট ইন্ডিজ এমন সময়ে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে আসল, যখন দেশের মাটিতে ওয়ানডেতে ভয়ঙ্কর দল হয়ে উঠেছে বাংলাদেশ। টেস্টেই বাংলাদেশের বিপক্ষে কুলিয়ে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে তাহলে কী হবে? ৩-০ কী সম্ভব? সেই প্রশ্ন উঠছে।
অধিনায়ক মাশরাফি ২০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নামবেন আজ। বাংলাদেশের হয়ে ১৯৮তম ম্যাচ খেলবেন। আর এশিয়া একাদশের হয়ে খেলেছেন দুটি ম্যাচ। মাশরাফি মধুর সমস্যাতেই পড়েছেন। ওপেনিংয়ে কাকে ছেড়ে কাকে নামাবেন। তামিম ইকবাল আছেন। সঙ্গে শেষ পর্যন্ত লিটন কুমার দাস ও সৌম্য সরকারকে পেছনে ফেলে জিম্বাবুইয়ের বিপক্ষে টানা তিন ম্যাচের দুটিতেই সেঞ্চুরি করা ইমরুল কায়েসই ওপেনিংয়ে নামতে পারেন। এরপর সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন। সৌম্য অথবা লিটন থাকতে পারেন ছয় নম্বরে। আবার ওপেনিংয়ে এই দুইজনের একজনকে নামিয়ে ইমরুলকেও এই পজিশনে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ছয় নম্বরে সৌম্য, লিটন, ইমরুলের যে থাকবেন, সাত নম্বরে এই তিনজনেরই একজন থাকতে পারেন। এরপর মেহেদী হাসান মিরাজ, মাশরাফি, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন থাকতে পারেন। ব্যাটসম্যান, স্পিনার ও পেসার মজবুত করেই নামবে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের হোপ, হেটমায়ার, ব্রাভো, ব্রেথওয়েট, পাওয়েল, স্যামুয়েলসরা ব্যাটিংয়ে আর বোলিংয়ে রোচ, থোমাস, চেস, বিশুরা আতঙ্ক হয়ে ধরা দিতে পারেন। তাই সেরা একাদশ নিয়েই নামতে হবে বাংলাদেশকে।
ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা।
টেস্টের মতো ওয়ানডেতেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ দল। ইনজুরি থেকে সুস্থ হয়ে তামিম ইকবাল ফেরায় আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়ে গেছে টাইগারদের। তবে তামিম ও সাকিব ফেরায় জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও ফজলে মাহমুদ রাব্বি।
এদিকে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার নেই। তার পরিবর্তে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট খেলতে আসে কার্লোস ব্র্যাথওয়েটের নেতৃত্বে। টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে ক্যারিবীয়রা।
আর ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে অনুপস্থিত নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের জায়গায় ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার রোভম্যান পাওয়েল।
বাংলাদেশ ওয়ানডে দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লা রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, সাইফ উদ্দিন, আবু হায়দার ও আরিফুল হক।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দ্রপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্রাফেট, কেমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস, ওশানে টমাস।


