প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার

পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রোববার ৯ ডিসেম্বর। বিকাল ৫টার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সশরীরে অথবা বার্তা বাহকের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, যেসব প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান তাদের নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে আজই রিটার্নিং অফিসারের নিকট প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জানাতে হবে।

আজকের মধ্যে যারা প্রার্থিতা প্রত্যাহার করবেন না তাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। ইসি প্রার্থিতা প্রত্যাহার শেষে নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা নির্ধারণ করবে।

ইসি সূত্রে জানা গেছে, আজ বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন হলেও গত কয়েকদিনে অনেক বৈধ প্রার্থী ইতিমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে উল্লেখ্যযোগ্য সংখ্যক প্রার্থী আজই মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন। ইসির নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকেও আজ বিকালের মধ্যে বৈধ দলীয় ও জোটভুক্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের চিঠি রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছাতে হবে। কেননা বর্তমানে একটি আসনে রাজনৈতিক দল বা জোটের একাধিক বৈধ প্রার্থী রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ সালের ১৬ (২) ধারা অনুযায়ী, বৈধ একাধিক প্রার্থীর মধ্যে থেকে দলের সভাপতি/সাধারণ সম্পাদক বা সমমর্যাদা সম্পন্ন কোন ব্যক্তির স্বাক্ষরে একজনকে প্রতীক বরাদ্দের জন্য চিঠি পাঠাতে হবে। দলের পক্ষ থেকে একজনকে প্রতীক বরাদ্দের চিঠি পাঠানো হলে বাকিদের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

সেই অনুযায়ী আগামীকাল সোমবার প্রতীক বরাদ্দ নিয়েই নির্বাচনের মাঠে প্রচারে নামবেন প্রার্থীরা। দলীয় প্রার্থীরা দলীয় প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থীরা ইসির বরাদ্দ করা প্রতীকে নির্বাচন করবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।সেই হিসাবে আগামীকাল ১০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হচ্ছে। একইদিন রিটার্নিং অফিসাররা ৩০০ আসনের বৈধ প্রার্থীদের মাঝে প্রত্যক বরাদ্দ করবেন। প্রতীক বরাদ্দের পরপরই মূলত প্রচারণা শুরু হবে প্রার্থীদের। নির্বাচনী প্রচারণায় আচরণ বিধির লংঘন ঠেকাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা মাঠে রয়েছেন।

নির্বাচনের তফসিল ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দল ও জোটগুলোকেও চূড়ান্ত প্রার্থীর তালিকা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। যার অনুলিপি দিতে হবে নির্বাচন কমিশনে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নিবন্ধিত মোট ৩৯টি রাজনৈতিক দলের সবাই নির্বাচনে প্রার্থী দিয়েছে। দলগুলোর দুই তৃতীয়াংশই এবার জোটগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এবার লড়বে ধানের শীষ প্রতীক নিয়ে। এছাড়া ১৪ দলীয় জোটের প্রার্থীরা নৌকা মার্কা নিয়ে নির্বাচনের মাঠে হাজির হবেন। নির্বাচন কমিশনে চিঠি দিয়ে বিষয়টি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে।

গত ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। গত ২ ডিসেম্বর রিটার্নিং অফিসাররা যাচাই-বাছাই শেষে বৈধ-অবৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পরদিন ৩ ডিসেম্বর থেকে নির্বাচন কমিশন আপিল গ্রহণ শুরু করে। বুধবার আপিল গ্রহণের শেষ দিন ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *