বিশুদ্ধ হাদিসে শবে বরাত

বিশুদ্ধ হাদিসে শবে বরাত

মুফতি রিয়াযুল ইসলাম : সময়ের অভাব ও ব্যস্ততার কারণে বিস্তারিত আলোচনা না করে সংক্ষেপে শবে বারাত সংক্রান্ত হাদিসগুলো পেশ করছি।
হযরত মুআয ইবনে জাবাল রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবি কারিম সা বলেছেন, “আল্লাহ তায়ালা অর্ধ শাবানের রাতে (শবে বরাতে) সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে মাফ করে দেন।” (সহীহ ইবনে হিব্বান, হাদীস নং- ৫৬৬৫)।

হযরত আলি ইবনে আবি তালিব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে কারিম সা. বলেছেন যখন শাবানের ১৫তম রাতের আগমন ঘটবে তখন তোমরা সে রাতের কিয়াম করবে তথা রাত জেগে নামাজ পড়বে, আর দিনে রোযা রাখবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সে দিন সুর্যাস্তের পর থেকে প্রথম আসমানে বিশেষ তাজাল্লী বর্ষণ করেন এবং ইরশাদ করেন কেউ আছ কি আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী ? তাকে আমি ক্ষমা করে দিব। কেউ আছ কি জীবিকা প্রার্থনাকারী ? তাকে আমি জীবিকা দান করব। কেউ আছ কি মুসিবতগ্রস্ত ? তাকে আমি মুক্তি প্রদান করব। কেউ এমন আছ কি ? কেউ এমন আছ কি ?এভাবে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ পাক তার বান্দাদের কে ডাকতে থাকেন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং- ১৩৮৮)।

হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন এক রাতে আমি রাসুল সা. কে বিছানায় পেলাম না। তাই (খোজার উদ্দেশ্যে) বের হলাম। তখন দেখতে পেলাম, তিনি জান্নাতুল বাকিতে আছেন। আমাকে দেখে তিনি বলে উঠলেন, তুমি কি এই আশঙ্কা করছ যে, আল্লাহ এবং তার রাসুল তোমার প্রতি অবিচার করেছেন ? আমি বললাম হে আল্লাহর রাসুল ! আমি ধারণা করেছিলাম, আপনি আপনার অন্য কোন স্ত্রীর ঘরে তাশরীফ নিয়েছেন। তখন রাসুল সা বলেন, শাবানের ১৫ তারিখ রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং “বনু কালব” গোত্রের ভেড়া সমূহের পশমের চেয়েও অধিক সংখ্যক লোককে মাফ করে দেন। (সুনানে তিরমিজী, হাদীস নং- ৭৪৪
উক্ত হাদিস দ্বারা শবে বরাতে কয়েকটি আমল প্রমাণিত হয়:

(১) নফল নামায পড়া। (২) পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা। (৩) ইস্তিগফার করা অর্থাৎ গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। (৪) কবর যিয়ারত করা (৫) মৃত ব্যক্তিদের কবরে ছাওয়াব পাঠানোর ব্যবস্থা করা। (৬) পরের দিন অর্থাৎ ১৫ই শাবান দিবসের রোযা রাখা।
আল্লাহ তা’য়ালা আমাদের প্রান্তিকতা মুক্ত শবে বরাত পালনের তাওফিক দান করুন। আমীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *