ব্রিটেনে দাস ব্যবসায়ীর মূর্তি ভাঙলো বিক্ষোভকারীরা
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে খুন হওয়ার ঘটনায় ব্রিটেনেও বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রে বর্ণবাদী আচরণের জবাবে ব্রিটেনে ১২৫ বছর পুরনো দাস ব্যবসায়ীর মূর্তি ভেঙে ফেলেছে বিক্ষোভকারীরা।
গত রবিবার ব্রিস্টলে বিক্ষোভের সময় দাস ব্যবসায়ী এডওয়ার্ড কলস্টোনের মূর্তি ভেঙে নদীতে ফেলে দেন বিক্ষোভকারীরা।
মার্কিন শ্বেতাঙ্গ পুলিশ কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে আটকের পর আট মিনিটের বেশি সময় ধরে মাটিতে ফেলে রেখে ঘাড়ের ওপর হাঁটু দিয়ে চাপ দিয়ে রাখেন। আর তাতে শ্বাস বন্ধ হয়ে এবং মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড।
ভিডিওতে দেখা যায়, ব্রিটিশ বিক্ষোভকারীরা দড়ি বেঁধে দাস ব্যবসায়ীর মূর্তি ভেঙে ফেলেন। পরে সেটি টানতে টানতে নিয়ে গিয়ে পানিতে ফেলে দেন।


