ভারতে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড!

ভারতে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে করোনা সংক্রমণে একের পর এক রেকর্ড ভাঙ্গছে। গত ২৪ ঘণ্টায় আমাদের প্রতিবেশী এই দেশটিতে নতুন করে ৯০ হাজার ৬৩২ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হওয়ার পর মোট আক্রান্ত ৪১ লাখ ছাড়িয়েছে। বিশ্বে করোনায় শীর্ষ আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকে টপকানোর পথে ভারত।

এনডিটিভি অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, রোববার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হালনাগাদ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে বিশ্বে দৈনিক করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে ভারতে। এ নিয়ে মোট আক্রান্ত ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জন; যা ব্রাজিলের কোভিড-১৯ শনাক্ত ৪১ লাখ ২৩ হাজারের চেয়ে মাত্র ৯ হাজার কম।

গত ২৪ ঘণ্টায় সর্বাধিক করোনা শনাক্ত রাজ্যগুলোর তালিকায় শীর্ষ পাঁচটি হলো যথাক্রমে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাডু এবং উত্তর প্রদেশ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে যতজন সক্রিয় কোভিড-১৯ রোগী রয়েছেন তার ৬২ শতাংশই এই পাঁচ রাজ্যে।

এখনও দৈনিক করোনা শনাক্তের চার ভাগের এক ভাগ হচ্ছে মহরাষ্ট্রে। শনিবার নতুন করে এখন পর্যন্ত সর্বোচ্চ ২০ হাজার ৪৮৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে সেখানে। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্ত ৮ লাখ ৮৩ হাজার ৮৬২ জন। টানা চারদিন ধরে মহারাষ্ট্রে দৈনিক নতুন করে করোনার সংক্রমণের রেকর্ড হয়েছে।

ভারতে বিশ্বের মধ্যে করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হলেও দেশটিতে সুস্থতার হারও বেশি আশা জাগানিয়া। রোববার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইট বার্তা জানিয়েছে, নতুন করে গত একদিন আরও ৭০ হাজার কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে; যা এযাবৎকালে এক দিনে সর্বোচ্চ। মে মাসে সুস্থ ৫০ হাজার থাকলেও এখন তা ৩১ লাখ।

সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত যারা সুস্থ হয়েছেন এর মধ্যে ৬০ শতাংশই পাঁচটি রাজ্যে। ভারতে যে ৩০ লাখ সুস্থ হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে; ২১ শতাংশ। এরপর যথাক্রমে তামিলনাডুতে ১২.৬৩, অন্ধ্রপ্রদেশে ১১.৯৩, কর্ণাটকে ৮.৮২ এবং উত্তর প্রদেশে সুস্থ হয়েছে ৬.১৪ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা হিসাব অনুযায়ী, ভারতে করোনাং মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ; যা করোনায় মৃত্যুর ক্ষেত্রে বৈশ্বিক হারের চেয়ে কম। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ পর্যন্ত আক্রান্তদের ০ দশমিক ৫ শতাংশকে ভেন্টিলেটরে রাখতে হয়েছে। আইসিইউতে ২ শতাংশ এবং অক্সিজেন সাপোর্ট লেগেছে ৩.৫ শতাংশ রোগীর।

যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে গতকাল শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়ায়। দেশটিতে ভাইরাসটির বিস্তার ছড়াচ্ছে আশঙ্কাজনক হারে। কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩০ থেকে ৪০ লাখ ছাড়াতে সময় লেগেছে মাত্র ১৩ দিন; যা যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের চেয়েও দ্রুততর সময়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *