মুসলিমদের উপর নির্যাতন ভারতের সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে : মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী
পাথেয় রিপোর্ট : মুসলিমদের উপর নির্যাতন ভারতের সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস, জমিয়তে উলামা হিন্দের প্রেসিডেন্ট মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী।
তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থা উপর মানুষের অনাস্থা তৈরি হয়ে গেছে। মুসলিমদের উপর চলমান সহিংসতা ও হত্যার ঘটনায় সুপ্রীম কোর্টের স্পষ্ট আদেশ সত্ত্বেও গণহত্যা, নির্যাতন বন্ধ হয়নি। দেশের বর্তমান পরিস্থিতি ১৯৪৭ সালের চেয়ে আরও খারাপ ও বিপজ্জনক হয়ে উঠেছে।
ডেইলি সাহারা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুলাই) জমিয়তে উলেমা হিন্দের কার্যনির্বাহী কমিটির বৈঠকে মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী এ কথা বলেন। মাওলানা ফজলুর রহমান কাসামির সভাপতিত্বে এ বৈঠকে বাবরি মসজিদ, তিন তালাক, আসাম নাগরিকত্ব ও চলমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়।
জমিয়তে উলামা হিন্দের প্রেসিডেন্ট বলেন, বাবরি মসজিদের মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা যে কোন সিদ্ধান্ত গ্রহণ করব এবং আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাবো। কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী কর্তৃপক্ষের অধীনে, মুসলমানদের ধর্মীয় ও পারিবারিক বিষয়গুলিতে সরকার বা সংসদে হস্তক্ষেপ করার কোন অধিকার নেই। কারণ ধর্মীয় স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার।
এদিকে নিজেদের আত্মরক্ষার পথ বেছে নেওয়ার জন্য জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি ও সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর সাহেবজাদা মুসলমানদের ত্রাণকর্তা সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী মুসলমানদেরকে এক বিশেষ বার্তা প্রদান করেছেন। তিনি বলেছেন, ভারতে সাধারণ হিন্দু উন্মত্ত, উশৃঙ্খল জনতার হাতে আক্রমণে পড়ে গেলে প্রথমে সেখান থেকে পালানোর চেষ্টা করুন। পালাতে না পারলে প্রতিবাদি হোন। প্রতিরোধ গড়ে তুলুন।
মাওলানা মাহমুদ মাদানী সম্প্রতি এক ভিডিও বার্তায় জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মুসলমানদের নিজেদের শক্তি ও সাহসী মনোভাব জিইয়ে রাখার আহ্বান জানিয়ে বলেন, মুসলিমরা তাঁদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন। কঠিন অবস্থার মধ্যে আটকে গেলে মৃত্যু ভয় যেন কোনওভাবে গ্রাস না করে। উন্মত্ত জনতার কাছে হার মানার কোনও কারণ নেই। এতে তারা আরও উৎসাহিত হয়ে উঠবে। নিজেকে রক্ষা করার অধিকার সবার আছে। দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মাওলানা মাহমুদ মাদানী বলেন, আমি মুসলিম যুবকদের বলব, সাহস সঞ্চয় করুন। দরকারে তাদের সাবধান করে দিন। একা আক্রান্ত হলেও সেখান থেকে পিছিয়ে আসবেন না। যদি সেখানে কোনওভাবে তর্কের মুখে পড়ে যান, তাহলে নিজের পাণ্ডিত্য জাহির করতে দ্বিধা করবেন না। হেসে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, এত কিছুর পরেও সব চেষ্টা ব্যর্থ হয়, তাহলেও মৃত্যুর ভয় করবেন না। ভয় পেয়ে নরম হলেও উন্মত্ত জনতা তার সুযোগ নেবে। তারা জোর পেয়ে যাবে। তারপর প্রতিরোধের চেষ্টা করুন। নিজের আত্মরক্ষার অধিকার ছাড়বেন না।
সূত্র : ডেইরি সাহারা, ডেইলি হামারা সমাজ
পা.টো.ড/আদিল

