পাথেয় রিপোর্ট : অল্পের জন্য বেঁচে গেলেন ট্রাম্পকন্যা ইভাঙ্কা ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস৷ ট্রাম্পকন্যা ইভাঙ্কার সফরের কয়েক ঘণ্টা আগে বিস্ফোরণে কেঁপে উঠল মেক্সিকোয় অবস্থিত মার্কিন দূতাবাস৷ ভাগ্য সাথেই ছিলো বলতে হয়। তাই বেঁচে গেলেন মার্কিন মুলুকের এই দুই বিশেষ ব্যক্তি।
মেক্সিকোর গুয়াডালাজারা শহরে ০২ ডিসেম্বর রোববার মার্কিন দূতাবাসের সামনে ওই গ্রেনেড হামলা চালায় এক আততায়ী৷ বিস্ফোরণে তীব্রতায় দূতাবাসের সামনের দেয়ালে ৪০ সেন্টিমিটার গর্তের সৃষ্টি হয়। খবর স্ট্রেট টাইমসের।
তাৎক্ষণিকভাবে ওই গ্রেনেড হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুহূর্তের মধ্যে নিরাপত্তারক্ষীরা কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলেন গোটা এলাকা৷
জানা গেছে, হামলাকারীর ছবি ধরা পড়েছে দূতাবাসের গোপন ক্যামেরায়৷ সেই সূত্র ধরেই তার খোঁজে শুরু করেছে পুলিশ৷ ঘটনার সঙ্গে মেক্সিকোর পাচারকারী সংগঠনগুলি যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷
সূত্রের খবর, মার্কিন দূতাবাসের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে আততায়ীর ছবি৷ দেখা গেছে যে, এক ব্যক্তি বাইরে থেকে দূতাবাসের দিকে গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায়৷ আর তাতেই বিস্ফোরণ ঘটে৷ ক্যামেরায় ধরা পড়া ছবির সূত্র ধরেই ওই ব্যক্তির খোঁজে নেমেছে পুলিশ৷


