পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে বন্যায় ছয় শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, কেন্টাকির অ্যাপলাচিন কয়লা খনি অঞ্চলের বাড়ি ও গাড়ি থেকে কয়েক ডজন লোককে উদ্ধারে পুলিশ ও ন্যাশনাল গার্ডের সদস্যরা হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করে।
স্থানীয় গণমাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে, বন্যার পানি বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে গেছে এবং রাস্তাগুলোকে নদীর মতো দেখাচ্ছে।
শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, বন্যা এখনও শেষ হয়নি। আমরা অনুসন্ধান ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু এখনও বাস্তব ঝুঁকি রয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান ডিয়েন ক্রিসওয়েলকে নিয়ে হেলিকপ্টারে করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দেখে আসার পর বেসিয়ার জানান, তিনি বন্যার মাত্রা দেখে হতবাক হয়ে গেছেন।
অঙ্গরাজ্যটির রাজধানী ফ্রাঙ্কফোর্টের প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণপূর্বে ২২ হাজার বাসিন্দার শহর জ্যাকসনের অধিকাংশ ডুবে গেছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, শত শত বাড়ি, তাদের খেলার মাঠ, পার্ক, ব্যবসা প্রতিষ্ঠান আমার ধারণার চেয়েও বেশি পানির নিচে ডুবে আছে, আমাদের মধ্যে এরকম কেউ দেখেছেন বলে আমার মনে হয় না। একেবারে ধ্বংসাত্মক।
সাত মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্যাপক দুর্যোগের শিকার হল কেন্টাকি। এর আগে ডিসেম্বরে অঙ্গরাজ্যটির পশ্চিমাংশে কয়েকটি টনের্ডোর তাণ্ডবে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছিল।


