পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগান- আমেরিকা যুদ্ধের রাজনৈতিক সমাধানে আলোচনা ত্বরান্বিত করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমেরিকার এই দীর্ঘতম যুদ্ধে আলোচনার অগ্রগতির অংশ হিসেবে সেখান থেকে মার্কিন সেনা কমিয়ে আনা সম্ভব হবে।
এসময় তিনি তার ভাষণে ‘দশকের পর দশক ধরে চলা’ রাজনৈতিক জট ভেঙ্গে ফেলতে এবং আমেরিকার প্রতিশ্রুতি প্রকাশে সহযোগিতার নতুন যুগের আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
মঙ্গলবার কংগ্রেসে স্টেট অব ইউনিয়নের ভাষণে তিনি বলেন, একটি মহান জাতি কখনও অনন্তকাল যুদ্ধ চালিয়ে যেতে পারে না। সিরিয়ায় মার্কিন সেনারা আইএসকে পরাজিত করেছে। কাজেই এখন তাদের দেশে ফিরিয়ে আনার সময় হয়েছে।
আফগান যুদ্ধে অংশ নেয়া মার্কিন সেনাদের অতুলনীয় সাহসী বলে আখ্যায়িত করেন ট্রাম্প। তিনি বলেন, তাদের সাহসিকতা প্রশংসনীয়। এই দীর্ঘ ও প্রাণক্ষয়ী যুদ্ধের অবসানে আমরা এখন রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যেতে পারে।
ট্রাম্পের ভাষায়, তার প্রশাসন তালেবানসহ বেশ কয়েকটি গোষ্ঠীর সঙ্গে গঠনমূলক আলোচনা করেছে। আলোচনায় অগ্রগতি হলে সেখান থেকে সেনা সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হব আমরা এবং সন্ত্রাসবিরোধী তৎপরতায় মনোযোগ দিতে পারব।
তবে আফগানিস্তানে অবস্থান করা ১৪ হাজার মার্কিন সেনাকে কবে ফিরিয়ে আনতে পারবেন-তা নির্দিষ্ট করে বলতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, কখন আমরা চুক্তিতে পৌঁছাতে পারব, তা জানি না। কিন্তু দুই দশকের যুদ্ধের পর আমরা বলতে পারছি, অন্তত শান্তি চেষ্টার কাছাকাছিতে আমরা আসতে পেরেছি।
গত ডিসেম্বরে মার্কিন কর্মকর্তারা বলেন, আফগানিস্তান থেকে পাঁচ হাজারের বেশি সেনা ফিরিয়ে আনতে পরিকল্পনা আঁটছেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের দেশের জনসাধারণকে নিরাপদ রাখতে পারি, আমাদের পরিবারকে শক্তিশালী করতে পারি, আমাদের সংস্কৃতি সমৃদ্ধ, আমাদের বিশ্বাস দৃঢ় এবং আগের যেকোন সময়ের তুলনায় আমাদের মধ্যবিত্ত শ্রেণীর আকার বিশাল ও আরো সমৃদ্ধশালী।’
তিনি বলেন, ‘তবে আমাদেরকে রাজনৈতিক শত্রুতা ও বিরোধিতা অবশ্যই প্রত্যাখান করে সম্ভাব্য আন্তরিক সহযোগিতার হাত বাড়াতে হবে। সকলে মিলে আমরা দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক অচলাবস্থা ভেঙ্গে ফেলতে পারি।’
এছাড়া ট্রাম্প তার ভাষণে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে দেয়াল অবশ্যই নির্মাণ করতে হবে বলে ট্রাম্প উল্লেখ করেন। বক্তৃতাকালে কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষধের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


