রমজান উপলক্ষে মসজিদে নববীতে ২০টি নতুন মাইক্রোফোন

রমজান উপলক্ষে মসজিদে নববীতে ২০টি নতুন মাইক্রোফোন

পাথেয় টোয়েন্টিপোর ডটকম : রহমত, মাগফিরাত, নাজাতের সওগাত নিয়ে আসছে পবিত্র রমজানুল মোবারক অত্যাসন্ন। আট দিনের মতো বাকি সৌভাগ্য ও কল্যাণের এ মাস আগমনের। পবিত্র এ মাস উপলক্ষে মুসলিম বিশ্বের তীর্থস্থান পবিত্র মসজিদুল হারামাইনে (মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী) চলছে নানা ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম ও তোড়জোড়। এরই অংশ হিসেবে মসজিদে নববীতে ২০টি নতুন মাইক্রোফোন স্থাপন করা হয়েছে বলে জানা যায়।

মসজিদে নববীতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সা.-এর রওজার নিকটস্থ ‘রিয়াজুল জান্নাতে’ই (জান্নাতের বাগান) মসজিদে নববীর মিহরাব। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদিসে রাসুল সা. বলেন, ‘আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগানসমূহ হতে একটি বাগান আর আমার মিম্বর আমার হাউজের ওপর। (অর্থাৎ এ মিম্বরটিই কেয়ামতের দিন হাউজে কাউসারের ওপর স্থাপিত হবে)।’ (বুখারি, হাদিস নং: ১৮৮৮; মুসলিম, হাদিস নং: ১৩৯১)

‘রিয়াজুল জান্নাত’ পুরো পৃথিবীর মধ্যে সম্পূর্ণ ব্যতিক্রম। পৃথক বৈশিষ্ট্যপূর্ণ অত্যধিক বরকতময় স্থান। ভূপৃষ্ঠের কোথাও এর মতো জায়গা নেই। এখানে নফল নামাজ ও ইবাদত করার জন্য সাহাবায়ে কেরামের ভিড় লেগে থাকতো সব সময়। মসজিদে নববীর এ অংশ আজও মুমিনদের অন্তরে প্রশান্তির কারণ হয়ে আছে।

রিয়াজুল জান্নাতে মসজিদে নববীর যে মিহরাব রয়েছে, তাতে নতুন মাইক্রোফোন স্থাপন করা হয় মুসল্লিদের উৎকৃষ্ট মান ও গুণসম্পন্ন কেরাত-শ্রুতি উপহার দিতে। মসজিদুল হারাম ও মসজিদে নববীর কার্যপরিচালনা পরিষদ কর্তৃপক্ষ রোববার (২৮ এপ্রিল) এ কাজটি বাস্তবায়ন করে।

নতুন মাইক্রোফোনগুলোয় শিল্পের গুণমান, শব্দ-ধ্বনির সৌন্দর্য-মধুরতা ও উচ্চ সংবেদনশীলতার বিভিন্ন বৈশিষ্ট্য সমন্বিত রয়েছে। মসজিদুল হারাম ও মসজিদে নববীর কার্যপরিচালনা পরিষদের মহাপরিচালক শায়খ ড. আবদুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুদাইস ও মসজিদে নববীর কার্যপরিচালনা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ বিন আহমাদ আল-খুদাইরির তত্ত্বাবধানে মাইক্রোফোন পরিবর্তনের কাজ সম্পন্ন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *