রাজধানীতে কসাই সেজে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৬

রাজধানীতে কসাই সেজে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদুল আজহা সামনে রেখে ভিন্ন কৌশলে রাজধানীতে নেমেছে ছিনতাইকারী চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা কসাইয়ের ছদ্মবেশ ধারণ করে ছিনতাই করছে।

শুক্রবার দিনগত রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকা থেকে এমনই একটি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পাঁচটি ছুরি ও একটি ব্লেড উদ্ধার করা হয় বলে গণমাধ্যমে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন।

ওসি মহসীন জানান, শুক্রবার মধ্য রাতে উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকায় ছুরি হাতে তাদের ঘোরাঘুরি করতে দেখলে পুলিশের সন্দেহ হয়।

“পুলিশ সদস্যদের দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধরা হলে নিজেদের কসাই বলে দাবি করে।”

পরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, এরা কসাই না, ছিনতাইয়ের উদ্দেশ্য নিয়ে পরিকল্পিতভাবে তারা মাঠে নেমেছিল।

“গত কয়েক দিন ধরে তারা গরু বেপারীদের টার্গেট করছিল। ঈদ ঘনিয়ে এলে তারা নতুন কৌশল হাতে নেয়। মূলত আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতেই কসাইয়ের ছদ্মবেশে ঘুরছিল। কারণ এই পরিচয়ে ছুরি হাতে চলাফেরা করতে পারবে।”

গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন এর আগে মলমূত্র গায়ে মেখে পাগলের ভান করেও ছিনতাই করেছে বলে জানান ওসি।

এই ছয়জনের বিরুদ্ধে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি মহসীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *