পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ অক্টোবর রোববার দেশের বৃহত্তম অবকাঠামো পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি এবং এর রেল সংযোগের নির্মাণ কাজ উদ্বোধন করতে পদ্মা সেতু এলাকায় যাবেন।
১২ অক্টোবর শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে রবিবার মুন্সীগঞ্জের মাওয়া, শরিয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচর এলাকায় যাবেন। সূত্র জানায়, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে ‘রেল সংযোগ নির্মাণ প্রকল্প’ এর আওতায় ঢাকার সঙ্গে যশোরের রেল লিংক রোডের নির্মাণ কাজ উদ্বোধন করবেন।
শেখ হাসিনা বেলা ১১টার দিকে প্রথমে মাওয়ায় কাজের অগ্রগতি দেখবেন। এরপর ঢাকা- মাওয়া ও পাচর-ভাঙ্গা ৮ লেনের সড়কের কাজের অগ্রগতি দেখবেন এবং মাওয়ার দিকে রেল লাইন লিংকের কাজের উদ্বোধন করবেন। রধানমন্ত্রী এদিন রেল সংযোগ প্রকল্প ছাড়াও মাওয়া প্রান্তে এক হাজার ৩০০ মিটার নদী তীররক্ষা কাজের উদ্বোধন করবেন। এ ছাড়া ১০ হাজার ৮৪ কোটি টাকা ব্যয়ে ঢাকা-ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মাণের চলমান কাজের অগ্রগতিও পরিদর্শন করবেন। পরে মাওয়া প্রান্তে সুধী সমাবেশে বক্তব্য দেবেন বলে জানা যায়।
প্রধানমন্ত্রী বেলা ১১টা ১৫ মিনিটে মাওয়া গোল চত্বরে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে প্রকল্প এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর ও লৌহজং সার্কেল) কাজী মাকসুদা লিমা জানান, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী শনিবারের পরিবর্তে রোববার আসবেন। তিনি রোববার সকাল ১১টায় আসবেন। এ জন্য মুন্সীগঞ্জ পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা। পুলিশের দেড় হাজার কর্মকর্তা-নিরাপত্তাকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
উল্লেখ্য, রেলপথ মন্ত্রণালয় কর্তৃক পদ্মা সেতুকে সংযুক্ত করার নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রথম দিন হতেই পদ্মা সেতুতে ট্রেন চালু করার লক্ষ্য অর্জনের নিমিত্তে “পদ্মা সেতু রেল সংযোগ’’ প্রকল্পের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট (সিএসসি) সেলকে নিয়োগের ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে অনুরোধ করে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর সিএসসি এর নিয়োগের বিষয়ে সার-সংক্ষেপ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) কর্তৃক ৩০ মার্চ ২০১৬ তারিখে সুপারিশ করা হয়, ০৩ মে ২০১৬ তারিখে একনেক সভায় এবং পরবর্তীতে ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি (সিসিজিপি) কর্তৃক অনুমোদিত হয়।


