রোহিঙ্গা সঙ্কট : মিয়ানমার ও বাংলাদেশে মার্কিন প্রতিনিধি দল

রোহিঙ্গা সঙ্কট : মিয়ানমার ও বাংলাদেশে মার্কিন প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক ● রোহিঙ্গা সঙ্কট নিরসনে মিয়ানমার ও বাংলাদেশে প্রতিনিধি দল পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিনিধি দলটি গত রোববার থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত মিয়ানমার ও বাংলাদেশ সফর করবেন।  সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলমান এই রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং এর স্থায়ী সমাধানের উপায় খুঁজতে প্রতিনিধিদলের এই সফর। মিয়ানমারে তারা কূটনীতিক সম্প্রদায়, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, জাতিসংঘ, বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া প্রতিনিধি দলটি বাংলাদেশেরও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দাতা ও ত্রাণ সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবেন। রোহিঙ্গাদের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানতে কক্সবাজার সফরে যাওয়ার কথাও রয়েছে তাদের।

এদিকে, গত রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশ ও মিয়ানমার যাচেছ যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইমন হেনশ’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ও মিয়ানমারে অবস্থান করবেন। এ সময় তারা মিয়ানমারের রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোচনা করবেন। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা বাড়ানোর বিষয় নিয়েও আলোচনা করবেন।

জানা গেছে, সিমন হেনশ ছাড়াও প্রতিনিধি দলে আরও থাকছেন, গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি স্কট বাসবি, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি টম ভাজদা এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক ব্যুরোর অফিস ডাইরেক্টর প্যাট্রিসিয়া মাহোনি।

গত ২৫ আগস্টের পর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে এখন পর্যন্ত প্রায় ৬ লাখ রোহিঙ্গা শরণার্থী নতুন করে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *