‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বান্দার হৃদয়কে খুলে দেয় : আল্লামা মাসঊদ

‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বান্দার হৃদয়কে খুলে দেয় : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর যিকির বান্দার হৃদয়কে খুলে দেয় বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, গুনাহ আর গোমরাহির সয়লাবে আমাদের হৃদয় চক্ষু বন্ধ হয়ে আছে। আমাদের দিলের দ্বার বন্ধ হয়ে গেছে। দিলের এই বন্ধ দরজাকে খুলতে হবে। আর দিলের চোখ, দিলের কান, দিলের যবান খোলার চাবি হল ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এই যিকির বান্দার দিলকে, হৃদয় চক্ষুকে উন্মোচিত করে।

রোববার (০৩ জানুয়ারি) বাদ এশা কিশোরগঞ্জের তাড়াইল সাচাইলে আছিয়া খাতুন মহিলা মাদরাসা প্রাঙ্গণে ২ দিনের ইসলাহী সফরের শেষ ইজতেমাতে তিনি এসব বলেন।

দ্বীনের মেজায বুঝতে সাহাবায়ে কেরামের স্মরণাপন্ন হতে হবে বলে জানিয়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, দ্বীনের মেজায সাহাবায়ে কেরামের কাছে যাওয়া ছাড়া কোনোভাবেই বোঝা সম্ভব নয়। সাহাবায়ে কেরাম ছাড়া দ্বীনের মেজায বুঝতে যাওয়া মানে নিজেকে অন্ধকার কূপে নিক্ষেপ করা।

সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা বলেন, অন্ধকার কূপে যেমন ব্যক্তি হাতড়াতে হাতড়াতে অতলান্তে তলিয়ে যায়, সাহাবায়ে কেরাম ছাড়া দ্বীনের মেজায বুঝতে গেলে তেমনি বাতিল ও গোমরাহীর গভীর অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলে।

এছাড়া নিজেদের ইসলাহে নফসের খাতিরে আসন্ন ফেব্রুয়ারীতে তাড়াইল বেলংকাতে ১২, ১৩, ১৪ তারিখে তিন দিনের ইসলাহী ইজতেমাতে সবাইকে অংশগ্রহণের আহ্বানও জানান তিনি।

শায়খুল হাদীস, সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের হাতে উপস্হিতিদের বায়আত গ্রহণ ও তার আকাশ বাতাস ভারি করা রোনাজারি পূর্ণ দোআ পরিচালনার মাধ্যমে এই ইসলাহী ইজতেমা শেষ হয়।

ইজতেমাতে আরও উপস্থিত ছিলেন মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা এমদাদুল্লাহ কাসেমী, মাওলানা দেলোয়ার হুসাইন সাইফী, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা ফারুক হুসাইন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ফয়জুদ্দীন, মাওলানা নাইমুল হাসান, মাওলানা সাঈদ নিজামী, জনাব আবুল কালাম ( কালা মিয়া), মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *