পাথেয় রিপোর্ট : কওমি শিক্ষার্থীদের শোকরানা মাহফিল থাকায় রোববার জেএসসি-জেডিসি পরীক্ষা পিছিয়েছে। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফ উল্ল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি শিক্ষার্থীদের শোকরানা মাহফিল থাকায় জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের রোববারের পরীক্ষাগুলো নেয়া হবে আগামী শুক্রবার সকাল ৯টায়। তাই রোববার নয় আগামী শুক্রবার সকাল ৯টায় রোববারের পরীক্ষাগুলো দিবে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীরা।
এর আগে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে ১ নভেম্বর বৃহস্পতিবার থেকে । দুই পরীক্ষায় সারাদেশ থেকে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী। ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানান, দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামী ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেবে।
মন্ত্রী জানিয়েছিলেন, সারাদেশে মোট ২ হাজার ৯০৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবছর কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৮৩৪টি। সেই হিসাবে এবার ৬৯টি কেন্দ্র বাড়ানো হয়েছে। এছাড়াও এবার দেশের বাইরে ৯টি কেন্দ্রে ৫৭৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। গতবছরের তুলনায় এবার জেএসসিতে ১ লাখ ৭৭ হাজার ৬৬ এবং জেডিসি পরীক্ষায় ২৪ হাজার ৪৪৭ পরীক্ষার্থী বেড়েছে।
আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে পরীক্ষা দিচ্ছে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে পরীক্ষা দিচ্ছে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন । গতবছর এই পরীক্ষায় ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন অংশ নিয়েছিল। এবার পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ১ হাজার ৫১৩ জন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেএসসিতে বাংলা, বাংলা প্রথম পত্র (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা হয়েছে।
জেএসসি-জেডিসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল প্রায় ৬৪ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী । আর বহিষ্কার হয়েছে ৩৪ জন। বৃহস্পতিবার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, প্রশ্নফাঁস ছাড়াই সারা দেশে সুষ্ঠুভাবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। এই অপকর্ম ঠেকাতে আমাদের যা যা করণীয়, আমরা তা-ই করেছি। ফলে এ পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়ার কোনো রকম আশঙ্কা নেই।
প্রসঙ্গত, আগামী ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোকরিয়া আদায় মাহফিল করবে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ড হাইয়াতুল উলইয়া। জাতীয় সংসদে কওমি মাদরাসা বিল পাস অবদানে শুকরিয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সংবর্ধনা দেয়া হবে। এর আগে ৫ নভেম্বর সোহরাওয়ার্দি উদ্যানে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। একদিন এগিয়ে এনে তা এখন ৪ নভেম্বর করা হয়েছে।


