সংগীত প্রতিযোগিতা ‘আইডল’ শুরু হচ্ছে এবার সৌদি আরবে

সংগীত প্রতিযোগিতা ‘আইডল’ শুরু হচ্ছে এবার সৌদি আরবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আন্তর্জাতিক রিয়েলিটি শো ‘আইডল’-এর সৌদি সংস্করণ সৌদি আইডলের যাত্রা শুরু হতে যাচ্ছে। সৌদি আরবের সরকারি বিনোদন কর্তৃপক্ষ জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) এবং মিডিয়া গোষ্ঠী এমবিসি গ্রুপের যৌথ উদ্যোগে আগামী ডিসেম্বরে এ সংগীত প্রতিযোগিতা শুরু হবে।

গত শনিবার আয়োজকেরা এ ঘোষণা দিয়েছেন। খবর আরব নিউজের।

জিইএ’র চেয়ারম্যান তুর্কি আল-শেখ এক টুইটার পোস্টে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে জিইএ এবং এমবিসি গ্রুপ যৌথভাবে সৌদি আইডলের উদ্বোধন করতে যাচ্ছে। ২০২২ সালের ডিসেম্বরে এ অনুষ্ঠানের যাত্রা শুরু হবে।’

আরব নিউজ জানিয়েছে, এ সংগীত প্রতিযোগিতায় বিচারকের আসনে থাকবেন চারজন। তাঁরা হলেন সৌদি সংগীতশিল্পী আসীল আবু বকর, আমিরাতের সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী আহলাম, জনপ্রিয় আরব শিল্পী আসালা (সিরীয় নাগরিক) ও ইরাকি-সৌদি সংগীতশিল্পী ও সুরকার মাজিদ আল মুহানদিস।

এমবিসির বিনোদন বিষয়ক অনুষ্ঠান ‘ট্রেন্ডিং’-এ আয়োজন–সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, সংগীত প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে আগামী অক্টোবর থেকে ভিডিও চিত্র ধারণ শুরু হবে।

প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধনের আহ্বান জানিয়ে এমবিসি একটি টুইট করেছে। ঐ টুইটে বলা হয়, ‘আপনি কি সুরেলা কণ্ঠস্বরের অধিকারী এবং গান গাইতে পছন্দ করেন? আপনি কি প্রতিযোগিতা পছন্দ করেন এবং প্রচার ও খ্যাতির দুনিয়ায় প্রবেশ করতে চান? তাহলে সবচেয়ে বড় এ সংগীত আয়োজনে অংশ নিন। সুযোগ হারাবেন না। এখনই নিবন্ধন করুন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *