পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহীদের দমন করতে সেনাবাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে বলে জানা যায়। রাখাইনের একটি এলাকায় সেনাবাহিনীর ওপর আরাকান আর্মির অতর্কিত হামলার পর দুই শতাধিক সেনাসদস্য গুলি করতে করতে গ্রামের ভেতরে ঢুকে পড়েছে।
মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত আরাকান আর্মি জানায়, মিয়ানমারের সেনাবাহিনী বনের ভেতর অন্তত ৭০টি কামানের গোলা নিক্ষেপ করেছে। এসব গোলার মধ্যে কয়েকটি গিয়ে গ্রামের কাছে পাহাড়ের ওপর পড়েছে। উত্তর রাখাইনের রাথেডোয়াং শহরতলিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অধিবাসীদের বসতবাড়ি থেকে উৎখাত করে তাতে অবস্থান নিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। এসময় এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে তারা গ্রামে প্রবেশ করে।
অভিযানে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে গেছে সরকারি বাহিনী। যখন অঞ্চলটিতে মিয়ানমার সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে লড়াইয়ে গ্রামবাসী বসতবাড়ি ছেড়ে পালাচ্ছেন, তখনই দুই শিক্ষককে আটকের এ ঘটনা ঘটল। অভিযানের সময় স্থানীয় বাসিন্দা পাশের গ্রামে আশ্রয় নিয়েছেন। আরাকান আর্মির নিজস্ব ওয়েবসাইটে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।


