পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর ৩টি কেন্দ্রে আগামীকাল সোমবার (২১ জুন) থেকে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকাদান কার্যক্রম প্রাথমিকভাবে শুরু হচ্ছে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।
কেন্দ্র তিনটি হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে বিষয়টি জানানো হয়। এ নিয়ে কথা বলেন অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক।
টিকাদানের গাইড লাইন ও প্রশিক্ষণ শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথম দিনে প্রতিটি কেন্দ্রে ১২০ জনকে টিকা দেয়া হবে। যারা আগে নিবন্ধন করেও টিকা নিতে আসতে পারেননি, তাদের দেয়া হবে।
স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, যাদের ফাইজারের টিকা দেয়া হবে, তাদের পর্যবেক্ষণে রাখা হবে ৭-১০ দিন। এতে বড় কোনো সমস্যা দেখা না গেলে টিকাদানের পরিধি বাড়ানো হবে, বাড়বে টিকাদান কেন্দ্রের সংখ্যাও।
টিকা সংগ্রহ ও বিতরণের আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্স থেকে সম্প্রতি ১ লাখ ৬২০ ডোজ টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। এসব টিকা অতি শীতল তাপমাত্রায় সংরক্ষণ করার বাধ্যবাধকতা থাকায় কেবল ঢাকাতেই দেয়া হবে।
এদিকে, চীনে অধ্যয়নরত প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে বলে জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। গতকাল শনিবার থেকে দেশটির সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে।
এ ছাড়া দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম চলছে দেশে। ফলে সব মিলিয়ে আগামীকাল থেকে ফাইজার নিয়ে একযোগে ৩টি টিকা দেয়ার কার্যক্রম চলমান থাকছে।


