স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় একা সরকারের নয় : ডিজি

স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় একা সরকারের নয় : ডিজি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই, তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, দুর্নীতির কথা যদি বলেন, আমি বলব দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙ্গুল তুলি, সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এই দুর্নীতির অংশ।

শনিবার (২৫ জুলাই) সকালে দায়িত্ব বুঝে নেয়ার আগে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

করোনাভাইরাস মহামারীর মধ্যে নানা কেলেঙ্কারিতে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তার পদত্যাগপত্র গ্রহণের পরপরই এই দায়িত্বে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

দুর্নীতির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতির জন্য শুধু সরকারকে দায়ী না করে সবাইকে ব্যক্তিগতভাবে সৎ হতে হবে।

স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতিতে নতুন মহাপরিচালক সামনে কী চ্যালেঞ্জ দেখছেন- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, সামনে অবশ্যই বড় চ্যালেঞ্জ, স্বাস্থ্যে এখন যে ব্যবস্থা, এই প্যানডেমিকের ক্ষেত্রে আমার যে সমস্যাগুলো ফেইস করছি, তা দূর করার চেষ্টা করব।

প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা যেন সম্মান ও ইজ্জত নিয়ে শেষ করতে পারেন, সেজন্য সবার দোয়াও চেয়েছেন অধ্যাপক আবুল বাসার।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সরকারের সমালোচনা অবশ্যই করবেন, ভুলত্রুটি ধরিয়ে দেবেন। পাশাপাশি আমি বলব, আমরা যদি কোনো ভালো কাজ করি তাহলে সেটাও তুলবেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *