সড়ক দুর্ঘটনায় পাবনায় তিন শ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনায় পাবনায় তিন শ্রমিক নিহত

পাথেয় রিপোর্ট : পাবনা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাটমোহর উপজেলার তিন শ্রমিক নিহত হয়েছে। পাবনা প্রতিনিধির পাঠানে খবরে জানা যায়, পাবনা শহরের গাছপাড়া বাইপাচ এলাকায় রোববার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাটমোহর উপজেলার তিন শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহত একজনকে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন থেকে রোববার সকালে চার শ্রমিক পাবনা শহরের অদূরে গাছপাড়া এলাকায় গিয়েছিলেন ধান কাটতে। গাছপাড়া এলাকায় বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় পথিমধ্যে নূরপুর বাইপাস এলাকায় আয়েশা আবেদ ফাউন্ডেশনের সামনে যশোর থেকে ছেড়ে আসা (যশোর-ট-১১৩৭৫১) কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় উল্টে যাওয়া ওই ট্রাক ও কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিন শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার এবং আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে। পরে দুপুরে তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আলী আশরাফ শাহ’র ছেলে শাহীন আলম, শাহপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে আহম্মদ আলী ও জগতলা গ্রামের মৃত সোহরাব উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম। আহত জফির উদ্দিন বালুদিয়ার গ্রামের হোসেন মণ্ডলের ছেলে।

এদিকে দুপরে নিহত তিনজনের লাশ চাটমোহরের গ্রামের বাড়িতে নিয়ে আসার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বারবার মূর্চ্ছা যাচ্ছিলেন তাদের স্বজনরা। নিহতদের মধ্যে শাহীন আলমের স্ত্রী মৌসুমী খাতুন অন্তঃসত্ত্বা। তার বিলাপে পরিবেশ ভারি হয়ে ওঠে। তিন বছরের কন্যা শায়লা বারবার তার বাবাকে খুঁজছিল। শত শত এলাকাবাসী মৃত তিনজনকে একনজর দেখার জন্য তাদের বাড়িতে ভিড় জমায়। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক জানান, ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ২ ডিসেম্বর রোববার হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নে ভ্যানের ধাক্কায় নিলয় দাস (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, দুপুরে মাধবপুর বাজার থেকে একটি ভ্যান রড বোঝাই করে যাচ্ছিল। পথে ওই স্থানে ভ্যানে থাকা রডের সঙ্গে নিলয়ের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *