হত্যার জবাবে রকেট হামলা ইসরায়েলে
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রভাবশালী নেতা মঙ্গলবার ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ইসলামি জিহাদের প্রভাবশালী কমান্ডার বাহা আবুল আতা নিহত হওয়ার জবাব দিয়েছে ফিলিস্তিনিরা। ইসরাইলি বাহিনীর বোমা হামলায় তিনি মারা যাওয়ায় এই হামলা চালায় তারা। এদিকে ফিলিস্তিনি কমান্ডারকে হত্যার জবাবে ইসলামি জিহাদ মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত ইসরায়েলে ৮০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
মঙ্গলবার সকালে বাহা আবুল আতা’র বাড়িতে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আরো নিহত হয়েছেন আবুল আতা’র স্ত্রী। দুই সন্তানসহ তিনজন আহত হয়েছেন। আহত দুই সন্তানের অবস্থা আশঙ্কাজনক।
এই হামলার জবাবে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ইসলামি জিহাদ। এ হামলায় বেশ কয়েক জন আহত হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, তেল আবিব, আসকালান ও সিদরুতসহ বেশ কয়েকটি ইহুদি উপশহরে ক্ষণে ক্ষণে সাইরেন বেজে উঠেছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ভীড় জমেছে। তাড়াহুড়ো করে আশ্রয়কেন্দ্রে ঢুকতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন ইসরায়েলি। আর ক্ষেপণাস্ত্রের আঘাতে আহতের সংখ্যা ১৩।
ওই হামলার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, রকেটগুলো বিক্ষিপ্তভাবে ইসরায়েলে আঘাত করছে। তা ঠেকাতে পারেনি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। একটি ক্ষেপণাস্ত্র দেশটির ব্যস্ত সড়কে আঘাত করে।


