৬ মাস কোচহীন বাংলাদেশ

৬ মাস কোচহীন বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের প্রধান কোচ নেই ছয় মাস। প্রধান কোচকে ছাড়াই এ ছয় মাসে একাধিক টুর্নামেন্ট খেলে ফেলেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলংকার বিপক্ষে টেস্ট ও টি২০ সিরিজে কোনো কোচ ছিল না বাংলাদেশ দলে। এছাড়া শ্রীলংকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় নিদাহাস টুর্নামেন্টেও সাকিবরা ছিলেন কোচহীন। এ সময়ে দল পরিচালনার দায়িত্ব পালন করেছেন কখনো দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, আবার কখনো বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

সামনেই আসছে ব্যস্ত ক্রিকেট সূচি। যার শুরুটা হবে জুনে আফগানিস্তানের সঙ্গে টি২০ সিরিজ দিয়ে। এর পরই আবার টেস্ট, ওয়ানডে ও টি২০ তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ ক্যারিবীয় সফর। কিন্তু এখনো জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি।

এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সহকারী কোচের পদ থেকে রিচার্ড হ্যালসলের পদত্যাগের ঘটনা সংকট আরো বাড়িয়েছে। যেখানে প্রধান কোচ নিয়োগ নিয়ে জটিলতা এখনো কাটেনি, সেখানে সহকারী কোচের (ফিল্ডিং কোচ) পদ শূন্য হওয়ায় নতুন করে বেকায়দায় পড়েছেন বিসিবির কর্তাব্যক্তিরা।
অক্টোবরে প্রধান কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহের সরে দাঁড়ানোর পর থেকে হাই-প্রোফাইল কোচের সন্ধানে আছে বিসিবি। এজন্য আন্তর্জাতিক বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে। কিন্তু এখনো সংকটের কোনো কিনারা হয়নি। দেখা যায়নি আশাব্যঞ্জক কোনো অগ্রগতিও। এখন প্রশ্ন হচ্ছে, বিসিবি কি আসলেই বাংলাদেশ দলের হয়ে কাজ করতে পারে এমন কাউকেই খুঁজে পাচ্ছে না, নাকি বাংলাদেশে কাজ করার প্রতি বিদেশী কোচদের অনীহা তৈরি হয়েছে।

এদিকে ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে বিভিন্ন দল কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশ বাদে বিশ্বকাপ খেলতে যাওয়া নয়টি দলেরই আছে প্রধান কোচ। এমনকি বল টেম্পারিং বিতর্কে টালমাটাল অস্ট্রেলিয়াও এরই মধ্যে নিয়োগ দিয়েছে নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গারকে। তাহলে বাংলাদেশের না পারার কারণ কী?

এ প্রসঙ্গ নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বলেন, ‘জাতীয় দলের প্রধান কোচের পদটি খুবই গুরুত্বপূর্ণ। সামনে জাতীয় দলের ব্যস্ত সূচি রয়েছে। অনেকগুলো সিরিজ পরপর অপেক্ষা করছে। এ মুহূর্তে জাতীয় দলের প্রধান কোচ দরকার। বিশ্বকাপও সামনে চলে আসছে। সঠিক সময়ে প্রধান কোচ নিয়োগ দিতে না পারলে বিশ্বকাপের জন্য দল গঠন ও পরিকল্পনার কাজ ব্যাহত হবে, যা পরে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। আশা করছি, বিসিবি দ্রুতই জাতীয় দলের জন্য কোচের নিয়োগের বিষয়টি সুরাহা করবে।’

কোচ নিয়োগ নিয়ে বিসিবির দায়িত্বশীল কর্তাব্যক্তিরা একেক সময় একেক তথ্য দিয়ে আসছেন। কখনো বলেছেন এক সপ্তাহের মধ্যে কোচ নিয়োগ হবে, আবার কখনো বলেছেন সামনের মাসে নিয়োগ চূড়ান্ত হবে। কিন্তু ছয় মাস গেলেও কোচের দেখা পায়নি দল।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা কোচের বিষয়ে এখনো কোনো কিছু চূড়ান্ত করতে পারিনি। বেশ কয়েকজনের সঙ্গে এখনো আলোচনা চলছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যায়নি। আশা করি, জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই প্রধান কোচ নিয়োগ দিতে পারব।’

এর আগে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন কোচ নিয়োগ নিয়ে বলেছিলেন, ‘দলের জন্য হাই-প্রোফাইল কোচ খুঁজছি। যে দুজন কোচ সাক্ষাত্কার দিয়েছিলেন, আমাদের পছন্দ হয়নি। আমরা গত মার্চে কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তবে তারা আমাদের সঙ্গে কাজ করার ব্যাপারে এখনো কিছু জানায়নি। আমরা এখনো বিভিন্ন এজেন্টের মাধ্যমে অনেকের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি, দ্রুতই দলের প্রধান কোচের বিষয়টি ফয়সালা করা যাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *