৭ জুলাই থেকে রিকশা চলবে না ঢাকার ৩ সড়কে : মেয়র

৭ জুলাই থেকে রিকশা চলবে না ঢাকার ৩ সড়কে : মেয়র

পাথেয় রিপোর্ট : রাজধানীর তিনটি বড় সড়কে আগামী ৭ জুলাই থেকে রিকশা চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

সড়ক তিনটি হলো কুড়িল থেকে রামপুরা হয়ে সায়েদাবাদ, গাবতলী থেকে আসাদগেট হয়ে আজিমপুর এবং সাইন্স ল্যাব মোড় থেকে শাহবাগ।

বুধবার নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ১২তম বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন। রাজধানীর যানজট কমানোর লক্ষ্যে ঢাকার সড়ক থেকে অবৈধ গাড়ি সরানো ও ফুটপাত দখলমুক্ত করতে গঠিত বিশেষ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানীর সড়ক থেকে অবৈধ গাড়ি সরানো এবং ফুটপাত পুনরুদ্ধার করতে গত ১৯ জুন ওই কমিটি গঠনের ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নবগঠিত কমিটি ঢাকার ফুটপাথ পুনরূদ্ধারেও কাজ করবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘ফুটপাত পথচারীদের জন্য। এই কমিটি ফুটপাত উদ্ধার এবং হকারমুক্ত করতে কাজ করবে।’

এছাড়া পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সড়কের দু’পাশে ফুটপাত দখলমুক্ত করতে ঢাকার দুই সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বলেও জানান তিনি।

জানা যায়, গত ১৯ জুন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বৈঠকে ‘ঢাকা মহানগরীর অবৈধ যানবাহন দূর/বন্ধ, ফুটপাথ দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে’ একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় সাঈদ খোকনকে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বৈঠকের সভাপতিত্ব করে।

বৈঠকে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মফিজ উদ্দিন আহমেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *